লেগেছে এক গেরো

আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ২১:২৭

শেখ সালাহউদ্দীন 

 

হায় রে কলিকাল! 

হরিণ চেটে দিচ্ছে বাঘের গাল।

  

ভূতের মুখে হরহামেশা শুনছি যে রাম নাম    

এসব দেখে যাচ্ছি ভুলে নিজেরই নামধাম।  

অনেক চুনোপুঁটি এখন গভীর জলের মাছ 

আঙুল ফুলে হচ্ছে কারো কলা নয়; বটগাছ।

 

বামন হয়ে কেউবা আবার চাঁদ পেরেছে ছুঁতে

কুঁজোরাও পারছে দেখুন চিত হয়ে ঠিক শুতে।

গাধারাও কণ্ঠটাকে মেলাচ্ছে সংগীতে      

আপনার কাছে যতোই লাগুক তিতে। 

 

মাকাল ফল আর আমড়া কাঠের ঢেঁকি 

চড়া দামে বিকোচ্ছে আজ দেখি।

 

আমি ভাই রে খুব সাধারণ আদার এক ব্যাপারী

মুখ বুজে সব দেখা ছাড়া কী আর করতে পারি? 

কিন্তু আমার মনের মধ্যে লেগেছে এক গেরো 

যেহেতু পাই না চাইতেই খবর জাহাজেরও।  

 

তাই তো আমি এসব দেখে গেছি সাবধান হয়ে 

আপনিও হন—কথা বলুন বুঝে, রয়েসয়ে।