আইনের চোখে

আইনি সুরক্ষার জন্য হলফনামা

আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ২১:২৭

 

সুবহা জানতে চেয়েছেন যে, কাজী অফিসে গিয়ে বিয়ে করার পর আইনি সুরক্ষার জন্য যেই হলফনামা উকিলের কাছে গিয়ে করতে হয়, সেই হলফনামার জন্য উকিলকে কী পরিমাণ টাকা দিতে হতে পারে বা তাঁকে কত টাকা দেওয়া উচিত?

বাংলাদেশের মানুষের কাছে আজ অব্দি বিয়ে এবং তালাক নিয়ে হাজারো প্রশ্ন ও সমস্যা আছে; এই দুটি বিষয়ে আমরা এত প্রশ্ন পাই যে প্রায় প্রতিটি প্রশ্নেরই মূল উত্তর একটাই, কিন্তু প্রশ্নের ধরন ভিন্ন ভিন্ন হওয়ার জন্য উত্তর বারবার দিতে হয়। আমাদের দেশে বিয়ে এবং তালাকের সময় কোনো ধরনের কোনো হলফনামার দরকার হয় না। তারপরেও দেখা যায় যে, মানুষ বিয়ে এবং তালাকের সময় একটি হলফনামা করে সেটিকে নোটারি করার বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখেন।

আইন অনুযায়ী আমাদের দেশে ইসলাম ধর্মে বিয়ে ও তালাকের বিষয়টি খুব সহজ এবং সাধারণ। কিন্তু তারপরেও মানুষের মাঝে এটি নিয়ে নানা সমস্যা তৈরি হয়। কাজী অফিসে গিয়ে আইন ও ধর্মীয় নিয়মানুযায়ী বিয়ে রেজিস্ট্রি করার পর আর কোনো ধরনের কোনো কাগজের দরকার হয় না আইনি সুরক্ষার জন্য। আমাদের দেশে বিয়ে রেজিস্ট্রি করার জন্য কাজীকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাই সঠিক জায়গায় বিয়ে রেজিস্ট্রি করলে আর কোনো ধরনের হলফনামা বা কোনো ধরনের কাগজের দরকার নেই; আপনার কাবিননামাই আপনাকে সকল সুরক্ষা দেবে।

 

লেখক: আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট