প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ডাকসুর দুর্নীতিবিরোধী পদযাত্রা

আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ২২:১০

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে পদযাত্রা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা। গতকাল শনিবার ডাকসুর স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরীর নেতৃত্বে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি ডাকসু ভবন থেকে শুরু করে শহিদ মিনার গিয়ে শেষ হয়। এ সময় তারা জাতীয় পতাকা ও দুর্নীতিবিরোধী স্লোগান সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড বহন করে।

এ পদযাত্রায় ডাকসুর সদস্য রাকিবুল ইসলাম ঐতিহ্য, মুহাম্মদ মাহমুদুল হাসান, নজরুল ইসলাম ও রফিকুল ইসলাম সবুজসহ শতাধিক শিক্ষার্থী পদযাত্রায় অংশ নেন। পদযাত্রা শেষে শহিদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ করেন আয়োজকরা। সমাবেশে দেশের দুর্নীতি নির্মূলে প্রধানমন্ত্রীর দুর্নীতিবিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে সাদ বিন কাদের চৌধুরী বলেন, ‘এর আগে কেউই নিজ দলের নেতাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চালাতে পারেনি। আমরা বিশ্বাস করি, এ অভিযান অব্যাহত থাকবে। এই দুর্নীতিবিরোধী অভিযানকে আরো বেগবান করতে ছাত্রসমাজ ঐক্যবদ্ধ থাকবে। দুর্নীতিবিরোধী এ অভিযানে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ছাত্রসমাজ বদ্ধপরিকর।’