স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী পয়েন্টে পদ্মার পানি কমতে শুরু করেছে। গতকাল শনিবার সকালে পদ্মার পানি কমে ১৮ দশমিক ১৫ সেন্টিমিটারে নেমেছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে, পদ্মায় আর পানি বাড়ার আশঙ্কা নেই। এর আগে উজান থেকে নেমে আসা ঢলের কারণে পদ্মার পানি বাড়ছিল। এছাড়া ফারাক্কার সবগুলো লকগেট খুলে দেওয়ায় নেমে আসা পানিতে থৈ থৈ করছিল পদ্মা। পানির তোড়ে বর্তমানে প্রবল স্রোতের সৃষ্টি হয়েছে। সেই স্রোত আছড়ে পড়ছে শহর রক্ষা বাঁধে। এতে করে হুমকিতে পড়েছে টি-বাঁধসহ সংলগ্ন এলাকা। পরিস্থিতি মোকাবিলায় বুধবার সকাল থেকে বাঁধ ঘিরে বালুভর্তি জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পানি উন্নয়ন বোর্ড জানায়, বুধবার সকালে রাজশাহীতে পদ্মার পানি বিপত্সীমার মাত্র ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত। এদিন দুপুরে রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা ছিল ১৮ দশমিক ১৮ মিটার। তবে রাজশাহীতে পদ্মার বিপত্সীমা ১৮ দশমিক ৫০ মিটার। এরই মধ্যে পাবনার পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মা বিপত্সীমা অতিক্রম করেছে।
