জিসানকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে :স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ২২:৩৬

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী জিসানকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল শনিবার রাজধানীর স্বামীবাগে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দিরে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দুবাইয়ে গ্রেফতার হওয়া শীর্ষ সন্ত্রাসী জিসানকে দেশে ফেরানো প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আরব আমিরাতের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি নেই। এ বিষয়ে ইন্টারপোল যুক্ত রয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া মেনে তাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে। তিনি আরো বলেন, জিসান আমাদের লিস্টেড আসামি। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তাকে গ্রেফতারে আমরা ১৫ বছর আগেই ইন্টারপোলের সহায়তা চেয়েছিলাম। দুবাই সরকার আমাদের সহযোগিতা করছে। তারা জিসানকে গ্রেফতার করে আমাদের জানিয়েছে। আশা করি তাকে দ্রুত ফিরিয়ে আনতে পারব।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) আনিসুর রহমানের বিষয়ে তদন্ত করা হবে। অপরাধী যেই হোক, সে সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ বা যে দলের নেতাই হোক না কেন, তাকে আইনের মুখোমুখি হতে হবে।

এর আগে বস্ত্র বিতরণ কার্যক্রমের  উদ্বোধন করে আসাদুজ্জামান খান কামাল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন, তার কন্যা শেখ হাসিনা সেই পথেই চলছেন। এরই ধারাবাহিকতায় চলতি বছর সারা দেশে ৩২ হাজারের বেশি মণ্ডপে পূজা উদযাপিত হচ্ছে।