নারায়ণগঞ্জের রূপগঞ্জে ক্যাসিনো ডন সেলিম প্রধানের দখলে থাকা ভুলতা-গোলাকান্দাইল চার তলা বিশিষ্ট ফ্লাইওভারের ঢাকা-সিলেট মহাসড়কের অংশের সওজের জমি উদ্ধার করেছে প্রশাসন। গতকাল শনিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী যুগ্মসচিব এবং সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে জাপান বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং লিমিটেডের অবৈধ দখলে থাকা ১৫ শতাংশ জমির পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। জেলা প্রশাসক জসিম উদ্দিন ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সহায়তায় আরো বেশ কয়েকটি দোকান ঘরসহ পাকা স্থাপনা ভেঙে দখলমুক্ত করা হয়।
উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি তরিকুল ইসলাম, সওজের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, সহকারী উপপরিচালক সাখাওয়াত হোসেন শামীম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান প্রমুখ।
গত সোমবার দুপুরে থাই এয়ারওয়েজের টিজি-৩৩২ ফ্লাইটটি ছাড়ার আগ মুহূর্তে সেলিম প্রধানকে গ্রেফতার করে র্যাব। এরপর তার মালিকানাধীন জাপান বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং লিমিটেডের অবৈধ দখলে সওজের ১৫ শতাংশ জমি থাকার বিষয়টি বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়।
এর আগে একাধিকবার জমিটি দখলমুক্ত করতে গেলে ‘বিশেষ ফোন’ পেয়ে তা বন্ধ হয়ে যায় বলে স্থানীয়দের অভিযোগ। এবার অভিযানে দখলমুক্ত করে সড়ক প্রশস্ত করায় প্রশাসনকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা।
মাহবুবুর রহমান ফারুকী সাংবাদিকদের বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। এশিয়ান হাইওয়ে ও ঢাকা-সিলেট মহাসড়কের পাশে পর্যায়ক্রমে এসব স্থাপনা উচ্ছেদ করা হবে।
রিমান্ডে জিজ্ঞাসাবাদ অব্যাহত :এদিকে সেলিম প্রধান, তার দুই সহযোগী আক্তারুজ্জামান ও রোকনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল শনিবার ছিল রিমান্ডের দ্বিতীয় দিন। বৃহস্পতিবার আদালত গুলশান থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও মানি লন্ডারিং আইনের মামলায় সেলিমের চার দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে গত ১ অক্টোবর হরিণের চামড়া রাখার অপরাধে তাকে ছয় মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। এরপর পাঠানো হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে।
