অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি বলেছেন, এ দেশের ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি ও খেলাধুলায় নদনদীর উপস্থিতি প্রবল এবং নৌকা বাইচ এদেশের লোকালয় ও সংস্কৃতির এক সমৃদ্ধ ফসল। আমাদের বিভিন্ন লোকজ ক্রীড়ার মধ্যে অন্যতম একটি নাম নৌকা বাইচ। আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ যখন হারিয়ে যাওয়ার পথে, ঠিক তখনই কুমিল্লা জেলা প্রশাসনের সহায়তায় মেঘনা নদীতে এই নৌকা বাইচ প্রতিযোগিতা। খেলাধুলার উন্নয়নে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক। খেলাধুলার প্রসারে বর্তমান সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের ছেলেমেয়েরা যেন খেলাধুলার প্রতি মনোযোগী হয়, সেদিকেও আমাদের আন্তরিকতার অভাব নেই। বাংলাদেশ খেলাধুলায় অনেক এগিয়ে গেছে, বাংলাদেশের খেলোয়াড়রা আন্তর্জাতিক পর্যায়েও সুনাম বয়ে আনছে। মন্ত্রী গতকাল শনিবার বিকালে কুমিল্লার দাউদকান্দির মেঘনা নদীতে অনুষ্ঠিত ‘জেলা প্রশাসক নৌকা বাইচ’ প্রতিযোগিতা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরের সভাপতিত্বে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন স্থানীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অব) সুবিদ আলী ভুঁইয়া, সেলিমা আহমেদ মেরী এমপি, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান রিয়াল এডমিরাল (অব) মো. আবু তাহের, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব) মোহাম্মদ আলী সুমন প্রমুখ।
