তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বেগম খালেদা জিয়ার জামিন দেওয়ার এখতিয়ার আদালতের। সরকার পক্ষ বিরোধিতা করলেও আদালত যে কোনো বিবেচনায় সিদ্ধান্ত নিতে পারেন। তথ্যমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি। এতিমদের জন্য টাকা এনে তিনি নিজ অ্যাকাউন্টে রেখেছেন। তদন্ত শেষে সকল সাক্ষ্য প্রমাণ শেষে তার সাজা হয়েছে। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা না করলে দুর্নীতির সঙ্গে আপোষ করা হবে। এক্ষেত্রে তাদের আবদার রক্ষা করা সম্ভব নয়। তিনি বলেন, বিএনপি নেতারা জামিন নিয়ে রাজনীতি করছেন।
শনিবার দুপুরে নগরীতে ‘বাংলাদেশের চলচ্চিত্র শিল্প এবং বিশ্বায়নের চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। চট্টগ্রামের একমাত্র সিনেপ্লেক্স সিলভার স্ক্রিনের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তাদের মিলনায়তনে আয়োজিত সেমিনারে তথ্যমন্ত্রী দেশের চলচ্চিত্র শিল্পের সার্বিক অবস্থা তুলে ধরেন। তিনি বলেন, এখন থেকে বাণিজ্যিক সিনেমার ক্ষেত্রেও সরকারি অনুদান দেওয়া হবে। তবে আর্ট শিল্পের ক্ষেত্রেও নির্দিষ্ট পরিমাণ অনুদান দেওয়া হবে। প্রতিটি চলচ্চিত্রের অনুদান ৬০ লাখ থেকে বাড়িয়ে ৭৫ লাখ টাকা করা হবে। অনুদান এ বছর ৫ কোটি থেকে ১০ কোটি টাকায় উন্নীত করা হবে। প্রায় সাড়ে ৩০০ কোটি টাকা ব্যয়ে নতুন এফডিসি ভবন নির্মাণের কাজ শিগিগরই শুরু হবে।
তিনি বলেন, দীর্ঘদিন পর দেশের চলচ্চিত্র মাথা তুলে দাঁড়াতে শুরু করেছে। বর্তমান প্রজন্ম দীর্ঘ সময় ধরে হলে বসে সিনেমা দেখতে অভ্যস্ত নয়। তাছাড়া হলে বসার মতো সিট নেই। হল মালিকগণ সিনেমা ব্যবসার চেয়ে মার্কেট কিংবা গুদামঘর ব্যবসাই বেশি লাভজনক মনে করছে। তথ্যমন্ত্রী বলেন, ব্যাংকের সঙ্গে আলাপ করা হচ্ছে যাতে পুরোনো হলগুলোকে আর্থিক সহায়তার মাধ্যমে আবার চালু করা যায়। তিনি সিনেমা, এফডিসিসহ বিভিন্ন ক্ষেত্রে সীমাবদ্ধতার কথা উল্লেখ করেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সম্পাদক রুশো মাহমুদ। তিনি তার প্রবন্ধে চলচ্চিত্র শিল্পের সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে শিল্প হিসেবে চলচ্চিত্র সংশ্লিষ্ট এবং এর প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে শিল্পের ন্যায় সুবিধা দেওয়ার দাবি জানান। সাংবাদিক আবুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. রমিজ উদ্দিন চৌধুরী, ওয়াশিকা আয়শা খানম এমপি, অমিতাভ রেজা, আশিক রহমান, ওমর কায়সার প্রমুখ।
