মিরাকল গার্ডেন

আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ১৮:২৭

সরোয়ার রানা

দুবাই , সংযুক্ত আরব আমিরাত

 

ফুলের সংস্পর্শ কার না ভালো লাগে, ফুল ভালোবাসে না এমন লোক পৃথিবীতে পাওয়াই দুষ্কর। ফুলের সুবাস পবিত্র অনুভূতি আনে মনে। তার সুবাসে মানুষের মন ভালো হয়ে যায়, সান্নিধ্য মেলে স্বর্গীয় অনুভব। এ ফুল নিয়ে কত গান, কত কবিতা রচিত হয়েছে তার হিসেব নেই।

আমি ইন্টারনেট প্রথম যখন এই বাগানের ছবি দেখি তখন থেকেই উদগ্রীব হয়ে থাকি যাওয়ার জন্য। যেহেতু আমি আগে এই জায়গায় যাইনি তাই পরিচিত লোক খুঁজতে থাকি এবং সুযোগের অপেক্ষা থাকি। একদিন বিশেষ কাজে দুবাই যাওয়ার সময় আমি বন্ধু এমদাদ আর ফুফাতো ভাই তৈয়ব মিরাকল গার্ডেন যাওয়ার পরিকল্পনা করি। কাজ শেষ করে আমরা উপস্থিত হলাম চির কাঙ্ক্ষিত জায়গায়।

বছর বছর এর পরিবর্তন হয়। আমরা যখন গিয়েছিলাম তার চেয়ে এ বছর আরো সুন্দর মোহনীয়ভাবে সাজানো হয়েছে। এখানে বাগান পরিকল্পনাকারী যে বেশ সুরুচিপূর্ণ তা এই বাগানে গেলে বোঝা যায়। প্রতিবছর এখানকার সৌন্দর্যবর্ধনের কাজ চলে। সামনের বছরে হয়তো আরো নতুন কোনো চমক নিয়ে সৌন্দর্যপ্রেমীদের সামনে হাজির হবে।

ভারতের রাহুল চৌধুরী মালিকানাধীন এ যেন স্বপ্নপুরী যেন ফুলে ফুলে রঙিন এক কল্পনার রাজ্যে। মিরাকল গার্ডেন প্রাকৃতিক ফুল দিয়ে তৈরি বিশ্বের বৃহত্তম ফুলের বাগান।  দুবাই শহর বিভিন্ন আশ্চার্যজনক ও ব্যতিক্রমী জিনিসের জন্য সবসময় শিরোনাম হয়ে থাকে। এই বাগানটি  তাদের মাঝে অন্যতম। মিরাকল গার্ডেন ২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি উদ্বোধন করা হয়। মোট ৭২ হাজার বর্গ কিলোমিটার বিশাল এলাকাজুড়ে এ বাগান বিস্তৃত। ৫০ মিলিয়নের অধিক ফুল ২৫০ মিলিয়ন গাছ এবং ১২০ প্রজাতির ফুল রয়েছে এই বাগানে।  সারাবিশ্ব থেকে লক্ষ লক্ষ পর্যটক আসেন দুবাই ভ্রমণের উদ্দেশ্যে আর এই মিরাকল গার্ডেন তাদের পছন্দের তালিকায় থাকে প্রথমেই।

দুবাই মিরাকল গার্ডেনটি অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত খোলা থাকে।  ৪০ ডিগ্রি সেলসিয়াস গড় তাপমাত্রার কারণে এটি সাময়িক থাকে বন্ধ থাকে। উচ্চ তাপমাত্রার কারণেই মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকে। এই বাগানটি দিনের আলোয় এক রকম সুন্দর, রাতে আলোতে ফুলগুলো আরো বর্ণিল সাজে সজ্জিত হয়ে এক নয়নাভিরাম দৃশ্যের অবতারণা করে, যা না দেখলেই বোঝা যাবে না।

এখানে হিন্দি জনপ্রিয় বেশ কয়েকটি ছবির দৃশ্য চিত্রায়িত করা হয়েছে। কল্পনার সব প্রাণী আর  জনপ্রিয় প্রতিকৃতিতে ফুল দিয়ে সাজানো হয়েছে অনন্য শিল্পকর্ম, যা সত্যিই মনোমুগ্ধকর। এখানে রয়েছে ফুল দিয়ে তৈরি বিভিন্ন ভাস্কর্য, প্রাণী, কার্টুন চরিত্র। পার্কের অন্যান্য আকর্ষণগুলোর মধ্যে রয়েছে ফুলের ঘড়ি , ময়ূর, কচ্ছপ, ফুলের তৈরি ক্যাসেলের আদলে ঘর, অনিন্দ্য সুন্দর লেক পার্ক,  হার্ট প্যাসেজ, ডিজনি অ্যাভিনিউ, বর্ণিল ছাতার ছাদ, ফুলের তৈরি বুর্জ আল খালিফা, রেলগাড়ি, সাইকেলসহ অনেককিছু। যা দুবাই মিরাকল গার্ডেনে একটি ভিন্ন সুন্দর আবহ তৈরি করেছে। প্রতিদিন ৭,৫৭,০৮২ লিটার পানি জল ব্যবহার করে ফুলগুলোর রক্ষণাবেক্ষণ করা হয়।

মিরাকল গার্ডেনের ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক স্বীকৃতি ও সম্মাননা। এখানে রয়েছে বিশ্বের বৃহত্ ১২ মিটার উঁচু টেডি বিয়ার। রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ফুল স্ট্রাকচার ইমারেটস এয়ারবাস। মিরাকেল গার্ডেন ঝুলিতে রয়েছে আরেকটি রেকর্ড। এখানে তৈরি করা মিকি মাউস গিনেজ রেকর্ড গড়েছে। দুবাই মিরাকল গার্ডেনটি ১৮ মিটার উচ্চ মিকি মাউস ফুলের কাঠামো তৈরি এবং ডিজাইন করেছে।

মিকি মাউস ভাস্কর্যটি প্রায় ১,০০,০০০ গাছ এবং ফুলের তৈরি। এর ওজন প্রায় ৩৫ টন, যা ৫০ টন  কংক্রিটের ভিত দিয়ে তৈরি। এছাড়াও বড় বড় বেশ বেশ কয়েকটি সম্মাননা রয়েছে এর ঝুলিতে।