ব্যাডমিন্টনের প্রথম দিন

জয় আছে, আক্ষেপও আছে

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ২১:৫৮

স্পোর্টস রিপোর্টার

অনেক দিন আন্তর্জাতিক ম্যাচ না খেলার খেসারত দিচ্ছে শাটলাররা। ইউনেক্স সাইরাইজ বাংলাদেশ আন্তর্জাতিক ব্যাডমিন্টনের কাল প্রথম দিনে বাংলাদেশ একাধিক খেলায় জয় পেলেও তাদের অভিজ্ঞতা হচ্ছে সারা বছর আন্তর্জাতিক ম্যাচ না খেলে হঠাত্ খেললে প্রত্যাশা অনুযায়ী ভালো ফল পাওয়া যায় না।

তার ওপর খেলার প্রথম দিনেই টপ সীডেড শাটলারদের বিপক্ষে লড়াই করতে নেমে ব্যাডমিন্টনের রুগ্ন ছবিটার এক্সরেতে দেখা যায় অন্যরা কোথায় আর বাংলাদেশের শাটলাররা কোথায় পড়ে আছেন। আফসোস করছিলেন শাপলা আক্তার। বলছিলেন, ‘আমাদের কোনো র্যাংকিং নেই। আমরা প্রথম ম্যাচেই টপ সীডেড খেলোয়াড়দের সঙ্গে খেলতে হচ্ছে। আমরা যদি আন্তর্জাতিক ম্যাচ না খেলি তা হলে র্যাংকিং হবে না।’

এককে শাপলা হেরেছেন ভিয়েতনামের তুই লিন সাগুয়েনের কাছে। শাপলার মতো আক্ষেপ এলিনা সুলতার কণ্ঠেও। নেপালে একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলেছি। এভাবে হয় না। যত বেশি আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলব আমাদের র্যাংকিং হবে।

আরও ব্যাখ্যা দিয়ে খুলনার টুটপাড়ার মেয়ে শাপলা বললেন, ‘আন্তর্জাতিক ব্যাডমিন্টনে অংগ্রহণ করলে র্যাংকিং হয়। না করলে নেমে যায়। ক্ষতি আছে। খেললে র্যাংকিং বাড়ে।’

অনুশীলনে চোখে আঘাত নিয়েই যুক্তরাষ্ট্রের রুহী রাজুর বিপক্ষে হারলেন। যুক্তরাষ্ট্রের পুঁচকে রুহী রাজুর কাছে সরাসরি দুই গেমে হেরেছেন। পুঁচকে বলতে হচ্ছে কারণ শাপলার ঘরে ৫ বছরের সন্তান। আর রুহী রাজুর দশম শ্রেণির ছাত্রী, ১৫ বছর বয়স। মার্কিন যুক্তরাষ্ট্রে জন্ম হলেও বাবা-মা ভারতের। হায়দরাবাদের মেয়ে। যেখানে জন্মেছিলেন ভারতীয় অনেক বাঘা বাঘা এবং নামকরা সব ক্রীড়াবিদ। বাবা প্রদীপ রাজু জানালেন সুচিত্রা ব্যাডমিন্টন একাডেমীতে খেলা শিখছেন। যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, স্পেনেও পদক পেয়েছেন। গৌরব রাজু হারিয়েছেন মরিসাসের মেলবিন আপ্পিয়াকে। এছাড়াও পরশ, খালেক, সালমান, তুহিন নিজ নিজ খেলায় জয় পেয়েছেন।