বিনোদন রিপোর্ট
সাইমন আর বাপ্পী দু’জনের ভেতরে একটি বিষয়ে সামঞ্জস্য রয়েছে। তারা দু’জনই জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে এসেছেন এবং সফল ছবি উপহার দিয়েছেন। এরপর একটি টকশোতে বলা কথা নিয়ে দু’জনের বাদানুবাদ তৈরি হলেও মূল প্রতিদ্বন্দ্বিতার জায়গায় তারা একে অপরের সাফল্যকে সবসময়ই শুভেচ্ছা জানিয়ে এসেছেন।
বাপ্পী চৌধুরী ও সাইমন দু’জনই ব্যাচেলর। তবে এক্ষেত্রে সাইমনের প্রেমটি প্রকাশিত হলেও বাপ্পী চৌধুরীর প্রেম এখনো অপ্রকাশিতই রয়ে গেছে! এর ভেতরে গত দুই সপ্তাহে গণমাধ্যমে চাউর হয়েছে বাপ্পী চৌধুরী-অপু বিশ্বাসের বিয়ের খবরটি। যদিও সাক্ষাত্কারে দু’জনই অস্বীকার করেছেন এবং হেসেই এই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন।
এদিকে চলচ্চিত্রের ক্যারিয়ারে দু’জনেরই ২০১৯ সালটি খুব একটা সুবিধায় যায়নি। কারণ গতবছরের চেয়ে ছবি সংখ্যা কমেছে রেকর্ড হারে।
সাইমন বলেন, ‘বেশকিছু ছবির কাজ শেষ হলেও মুক্তির অপেক্ষায় আছি। তাই আশা করছি আগামী বছরটি ভালো যাবে।’
অন্যদিকে বাপ্পী চৌধুরী বেশকিছু ছবি রয়েছে, যা আগামী বছর মুক্তি পাবে। তবে দু’জনই চাইছেন দেশে মাল্টিকাস্টিং এর ছবি বেশি করে হোক। এক্ষেত্রে দু’জনের কারোরই আপত্তি নেই, বরং আগ্রহটাই বেশি।
