বিনোদন ডেস্ক
মুক্তির পর ‘ওয়ার’ সিনেমাটি যে বক্স অফিসে সাড়া ফেলবে এমন ধারণা আগে থেকেই সবার ছিল। ঠিক তেমনটাই হলো। মুক্তির প্রথমদিন থেকেই আলোচনায় চলে আসে সিনেমাটি। হূতিক রোশন ও টাইগার শ্রফ অভিনীত ‘ওয়ার’ এরইমধ্যে ভারতে ১০০ কোটিরও বেশি রুপি আয় করেছে। চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশেষজ্ঞ তারান আদর্শ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ছবিটির মোট আয়ের হিসেব তুলে ধরেছেন। যশরাজ ফিল্মস প্রযোজিত ব্যাপক আলোচিত এই ছবিতে হূতিক রোশনের বিপরীতে রয়েছেন বাণী কাপুর। ওয়ারের সাফল্য প্রসঙ্গে ছবিটির পরিচালক সিদ্ধার্থ আনন্দ বলেন, ‘সবচেয়ে ভালোলাগার বিষয় সবার প্রত্যাশার জায়গাটা পূরণ হয়েছে। বিশ্বব্যাপী ভালোবাসা ও সমর্থন পাচ্ছি। এটি আমাদের জন্য বড় ব্যাপার। সব বয়সের মানুষরা ছবিটি পছন্দ করছে, যা দুর্লভ বিষয়। আমরা গভীরভাবে কৃতজ্ঞ। আশা করি, মানুষকে আমরা বিনোদন দিতে পেরেছি এবং আগামী দিনগুলোতেও দিতে পারবো।’
