বলেশ্বর নদ থেকে নৌকাভর্তি ২০ মণ হরিণের মাংসসহ আটক এক

আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ২০:৪৪

Ðপাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা

বরগুনা পাথরঘাটা সংলগ্ন বলেশ্বর নদের মধ্যবর্তী বিহঙ্গ দ্বীপের দক্ষিণ থেকে একটি ইঞ্জিনচালিত নৌকাসহ ২০ মণ হরিণের মাংস জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় আ. ছোবাহান (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করা হয়। গতকাল রবিবার ভোররাতে কোস্টগার্ড অভিযান চালিয়ে মাংস জব্দ করা হয়। আটক আ. ছোবাহানের বাড়ি উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী গ্রামে।

কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কমান্ডার লে. বিশ্বজিত্ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার রাত সাড়ে ১১টায় পাথরঘাটা উপজেলা বলেশ্বর নদীতে অভিযান শুরু হয়। পরে ভোররাত সাড়ে ৪টায় বিহঙ্গদ্বীপ সংলগ্ন এলাকা থেকে নামবিহীন ইঞ্জিনচালিত একটি নৌকা দেখে ধাওয়া করি। কিছুক্ষণ পর বিহঙ্গদ্বীপ সংলগ্ন থেকে নৌকাটি আটক করার পরে নৌকার মধ্যে প্রায় ২০ মণ হরিণের মাংস পাওয়া যায়। এ সময় হরিণের একটি মাথা পাওয়া যায়। নৌকায় আরো চার জন ছিল। কোস্টগার্ডের টের পেয়ে হানিফা, সরোয়ার হোসেন, আ. রাজ্জাক ও আ. ছত্তার নদীতে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যায়। সুন্দরবনের দরজার খাল এলাকা থেকে অন্তত ১৫টি হরিণ জবাই করে নিয়ে আসে শিকারীরা। চার জনের বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা করে জেলহাজতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।