মেঘনার ভাঙন রোধের দাবিতে রামগতিতে মানববন্ধন

আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ২০:৪৫

Ðরামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা

মেঘনা নদীর ভাঙন প্রতিরোধে বাঁধ নির্মাণের দাবিতে লক্ষ্মীপুরের রামগতিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের বালুরচর এলাকার মেঘনা নদীর তীরে ‘বালুরচর রক্ষা মঞ্চ’ নামে একটি সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে। এতে এলাকার জনপ্রতিনিধি, রাজনীতিক-সামাজিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন—আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আনোয়ার হোসেন, বালুরচর রক্ষা মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান রিপন, আলেকজান্ডার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুমন হাওলাদার ও আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের সদস্য আকবর হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, আলেকজান্ডার ইউনিয়নের বালুরচরসহ কয়েকটি এলাকায় মেঘনার ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ভাঙনেরমুখে পড়ে ইতিমধ্যে বাংলা বাজার পুরোপুরি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনে বিলীন হচ্ছে শিকদারপাড়া, উকিলপাড়া ও সুজন গ্রামসহ কয়েকটি এলাকা। এতে করে মারাত্মক হুমকির মধ্যে পড়েছে জনতা বাজার, বালুরচর উচ্চবিদ্যালয় ও তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। ভাঙন প্রতিরোধে উদ্যোগ না নেওয়া হলে অচিরেই এগুলো নদীতে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যে কারণে তারা ভাঙন রোধে সরকারের কার্যকর পদক্ষেপের দাবি জানান।