সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ২০:৪৬

বেতাগীতে নবনির্মিত মুক্তিযোদ্ধা ভবনের চাবি হস্তান্তর

বেতাগী (বরগুনা) সংবাদদাতা বেতাগীতে গতকাল রবিবার নবনির্মিত মুক্তিযোদ্ধা ভবনের চাবি হস্তান্তর করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কমান্ডার রাজীব আহসানের নিকট আনুষ্ঠানিকভাবে এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী মো. হোসেন আলী মিয়া হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মাসুদুর রহমান ফোরকান, পৌরসভার মেয়র এবিএম গোলাম কবির, যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতালেব, মুক্তিযোদ্ধা রেজাউল করিম ফারুক সিকদার, বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান মিয়া, ভবনের ঠিকাদার ও প্রেসক্লাব সভাপতি মো. মিজানুর রহমান মজনু, পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, সাধারণ সম্পাদক আজিজুর রহমান পান্না, উপজেলা যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম লিটন প্রমুখ।

বিনোদপুরে গণহত্যা দিবস পালিত

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা শিবগঞ্জের বিনোদপুরে রবিবার গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিনোদপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা ইউনিটের উদ্যোগে  র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা শরীফউদ্দিনের সভাপতিত্বে ও মাহিদুর রহমানের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাহিত্য, সাংস্কৃতিক ও প্রচার কমান্ডার মশিউর রহমান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও বিনোদপুর কলেজের সাবেক অধ্যক্ষ রুহুল আমিন প্রমুখ।

প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে রবিবার সকালে মহেশপুর জেলা পরিষদ অডিটরিয়ামে প্রিজাইডিং অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম। ঝিনাইদহ জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আরিফ-উজ-জামানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (খুলনা) ইউনুস আলী, জেলা রিটার্নিং কর্মকর্তা রোকনুজ্জামান, মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীল প্রমুখ।

অসহায় পরিবারকে বস্ত্র বিতরণ

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা শারদীয় দুর্গোত্সব উপলক্ষ্যে সামাজিক সংগঠন কটিয়াদী রক্তদান সমিতি ও প্রত্যয় মানবিক উন্নয়ন সংস্থার উদ্যোগে রবিবার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। পৌর সদরের রিয়াজ ভবনে রক্তদান সমিতির নিজ কার্যালয়ে এ উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমিতির সমন্বয়ক বদরুল আলম নাঈমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিপ্লব কুমার সাহা বিপদ, সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন, সাংবাদিক রফিকুল হায়দার টিটু ও চলচ্চিত্রকর্মী জিসান আজাদ।

ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন 

লালমোহন (ভোলা) সংবাদদাতা লালমোহনে রবিবার ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। লালমোহন পৌরসভার কলেজপাড়া এলাকায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পাশে এর উদ্বোধন করেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।

বন্যার্তদের ত্রাণ বিতরণ

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা মধুখালীর কামারখালী ইউনিয়নে রবিবার বন্যার্ত ও নদীভাঙন এলাকার ৩৮২টি পরিবারের মধ্যে চাল ও নগদ ১ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে এই ত্রাণ বিতরণ করেন মধুখালী উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ার ও মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহরাব হোসেন, মধুখালী উপজেলা পরিবার পরিকল্পনা ও ট্যাক কর্মকর্তা মো. শোয়েবুর রহমান মিয়া প্রমুখ।

দুর্গাপূজা উপলক্ষ্যে শাড়ি বিতরণ

চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা দুর্গাপূজা উপলক্ষ্যে রবিবার এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়নের খামারগ্রাম ও বেতিলের অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শাড়ি এবং ৯টি মণ্ডপে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। খামারগ্রাম শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির চত্বরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ। এ সময় ইউপি সদস্য রানী বেগম, আব্দুল মজিদ মাল, মন্দির কমিটির সভাপতি মনোরঞ্জন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

২৫০ পরিবারকে নগদ অর্থ ও বীজ বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের বেলকুচি মহিলা ডিগ্রি কলেজে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে রবিবার ২৫০টি পরিবারের মধ্যে নগদ অর্থ ও বীজ বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস। এ সময় জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসানের সভাপতিত্বে বেলকুচি পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।

ফ্রি চিকিত্সা ও ওষুধ প্রদান

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা আদমদীঘিতে সন্তোষ বীথিকা ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুস্থদের মধ্যে বিনা মূল্যে ওষুধ প্রদান ও চিকিত্সাসেবা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন থানার ওসি জালাল উদ্দিন, উপজেলা পূজা কমিটির সাধারণ সম্পাদক, সাংবাদিক মিহির কুমার সরকার, আনোয়ার হোসাইন প্রমুখ। 

পূজারি ও ভক্তদের মতবিনিময় সভা

কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা কাঠালিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে রবিবার পূজারি ও ভক্তদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরের কেন্দ্রীয় রাধা গবিন্দ্র সেবাশ্রম মন্দিরে এর আয়োজন করা হয়। উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক খগেন্দ্র ভুষন দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. শাখাওয়াত হোসেন প্রমুখ।

হিলিতে সব ট্রেনের যাত্রাবিরতির দাবিতে স্মারকলিপি

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা ২০১৮ সালে জনবল সংকট দেখিয়ে সাময়িক বন্ধ হয়ে যাওয়া দিনাজপুরের হিলি রেলস্টেশনের সকল কার্যক্রম সচলসহ সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি জানানো হয়েছে। এ সংক্রান্ত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে দেওয়া হয়েছে। রবিবার স্থানীয় সাড়ে ৩ হাজার বাসিন্দা স্বাক্ষরিত স্মারকলিপিটি হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের কাছে প্রদান করেন। এসময় বিভিন্ন দলের নেতাকর্মী, বিভিন্ন পেশার প্রতিনিধিসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

 

০০