বিশাখাপত্তনম টেস্ট

পাত্তাই পেল না দক্ষিণ আফ্রিকা

আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ২০:৫২

 স্পোর্টস ডেস্ক

পঞ্চম দিনে বিশাখাপত্তনমে সবচেয়ে অনুমিত ফলাফলেরই দেখা মিলল। ব্যাটসম্যানদের গড়ে দেওয়া মঞ্চে মধুর সমাপ্তি টানলেন বোলাররা। আরো নির্দিষ্ট করে বললে এক মোহাম্মদ শামির পেস আক্রমণ ও রবিন্দ্র জাদেজার স্পিন ঘূর্ণির সামনেই পেরে উঠল না দক্ষিণ আফ্রিকা।

পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ছিল ৯ উইকেট। আর দক্ষিণ আফ্রিকাকে করতে হতো আরো ৩৮৪ রান। শেষ অবধি পাল্লাটা ভারি হলো ভারতেরই।

শেষ দিনে পাঁচ উইকেট নিয়ে শামি মাত্র ১৯১ রানের মধ্যে অল আউট করে দিলেন প্রোটিয়া ব্যাটসম্যানদের। যোগ্য সঙ্গ দিয়ে রবিন্দ্র জাদেজা পেলেন চার উইকেট। ভারত জিতে গেল ২০৩ রানের বিশাল ব্যবধানে।

দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। দুই ইনিংসেই সেঞ্চুরি পাওয়া রোহিত শর্মার হাতে উঠেছে ম্যাচ সেরার পুরস্কার। আগামী ১০ অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ম্যাচটি অনুষ্ঠিত হবে পুনেতে।

লাঞ্চের আগেই সাত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে ফাফ ডু প্লেসির দল। পুরোপুরি ব্যর্থ হয়েছে দলটির টপ অর্ডার ও মিডল অর্ডার। ৯ম উইকেটে ড্যান পিটের সঙ্গে ৯১ ও শেষ উইকেটে কাগিসো রাবাদার সঙ্গে ৩০ রানের জুটি গড়ে হারের ব্যবধানই শুধু কমাতে পেরেছেন মুসুসামি। পিট করেন ব্যক্তিগত সর্বোচ্চ ৫৬ রান। ৪৯ রানে অপরাজিত থাকেন মুসুসামি।

৩৫ রানে পাঁচ উইকেট নেন প্রথম ইনিংসে উইকেটশূন্য থাকা শামি। ৮৭ রানে চারটি নেন জাদেজা। ৩৯৫ রান তাড়ায় ম্যাচের শেষ দিনে দ্বিতীয় সেশনে ১৯১ রানে গুটিয়ে যায় অতিথিরা। আর তাতেই নিশ্চিত হয় ভারতের জয়।

এর আগে প্রথম ইনিংসে ভারত সাত উইকেটে ৫০৩ রান করে ইনিংস ঘোষণা করে। জবাবে, ডিন এলগারের ১৬০ রানের ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকা করে ৪৩১ রান। দ্বিতীয় ইনিংসে ভারত চার উইকেটে ৩২৩ রান নিয়ে ইনিংস ঘোষণা করে। ফলে ৩৯৪ রানের বিশাল লিড পায় বিরাট কোহলির দল। এই আকাশ সমান লিডের সামনে দাঁড়াতেই পারল না দক্ষিণ আফ্রিকা দল।