আরো গোলই হ্যাজার্ডের লক্ষ্য

আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ২০:৫২

 স্পোর্টস ডেস্ক

অপেক্ষার পালা ক্রমেই বাড়ছিল এডেন হ্যাজার্ডের। এক এক করে পাঁচটি ম্যাচ কেটে গেলেও রিয়াল মাদ্রিদে এসে প্রথম গোলের দেখা পাচ্ছিলেন না তিনি। সে অপেক্ষার পালা শেষ হলো গত শনিবার। গ্রানাডার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম গোলটি পেলেন বেলজিয়ান ফরোয়ার্ড। রিয়াল মাদ্রিদও ৪-২ গোলে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান পোক্ত করল। প্রথম গোলটি পাওয়ার পর হ্যাজার্ড জানালেন রিয়ালের হয়ে আরো গোল করতে চান তিনি।

শনিবার রাতে নিজেদের মাঠে শুরুতেই করিম বেনজেমার গোলের পর প্রথমার্ধের শেষ দিকে দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন হ্যাজার্ড। ৬০ মিনিটে লুকা মদ্রিচও গোলের দেখা পেলে সহজ জয়কেই রিয়ালের নিয়তি বলে মনে হচ্ছিল। কিন্তু ৬৯ আর ৭৮ মিনিটে গ্রানাডা দুই গোল শোধ করে আবারও পয়েন্ট হারানোর শঙ্কা ফেরত আনে রিয়াল শিবিরে। ম্যাচের অন্তিম মুহূর্তে হামেস রদ্রিগেজ গোল করলে অবশ্য ম্যাচে সব শঙ্কা কেটে যায়।

রিয়ালের জার্সি গায়ে প্রাক মৌসুম প্রীতিম্যাচে গোল পেলেও প্রতিযোগিতামূলক ম্যাচে গোলের দেখাই পাচ্ছিলেন না তিনি। সেই পরম আরাধ্য গোলটি পেয়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাসই ফেললেন হ্যাজার্ড, ‘যখন আপনি খেলবেন তখন গোল পেতে চাইবেন আপনি। প্রথম গোলটা পাওয়া সবসময়ই কঠিন ব্যাপার। কিন্তু একবার সেটা পেয়ে গেলে প্রতিপক্ষ গোলমুখে শট নেওয়ার আত্মবিশ্বাসটা বেড়ে যায় আপনার। এই মহান ক্লাবটির হয়ে আরো বেশি গোল করতে চাই আমি। আজ গোল করাটা আমার জন্যে প্রয়োজন ছিল।’

পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা গ্রানাডার বিপক্ষে হেরে গেলে শীর্ষস্থান হারাতে হতো রিয়ালকে। সেটা না হতে দেওয়ার লক্ষ্য নিয়েই শনিবার নিজেদের মাঠে নেমেছিল রিয়াল। হ্যাজার্ড বলেন, ‘জয়টার জন্যে আমি আনন্দিত। এখনো লিগের শীর্ষে আছি আমরা, এই লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিলাম আমরা।’

প্রতিপক্ষ গ্রানাডারও ভূয়সী প্রশংসা করেন হ্যাজার্ড। তিনি বলেন, ‘এটা সত্যিই একটা কঠিন জয় ছিল কেননা গ্রানাডা দারুণ খেলেছিল। তারা বেশ শক্তিশালী দল, এ কারণেই তারা লা লিগার দ্বিতীয় স্থানে আছে। কিন্তু আমরা আমাদের সর্বস্ব দিতে ৯০ মিনিট লড়েছিলাম এবং এর ফলে জয়টা এসেছে।’

তবে দলীয় নৈপুণ্যে আরো উন্নতি চান বেলজিয়ান ফরোয়ার্ড, ‘উন্নতির জায়গা সবসময়ই থাকে কিন্তু তিন পয়েন্ট সত্যিই গুরুত্বপূর্ণ।’