৫৭ জনের বহর নিয়ে আসছে কাতার

আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ২০:৫৩

আজ আসছে অগ্রগামী দল

Ð স্পোর্টস রিপোর্টার

বিশ্বকাপ ফুটবল আয়োজকের দেশ কাতার বাংলাদেশে আসছে আগামীকাল ৮ অক্টোবর গভীর রাতে। ১০ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে ফুটবল ম্যাচ, বঙ্গবন্ধু স্টেডিয়ামে, সন্ধ্যা ৭টায়। ২০২২ কাতার বিশ্বকাপ ফুটবলের রাউন্ড টু পর্বের প্রথম লেগের গ্রুপের ম্যাচ এটি। ঢাকায় আসার আগে কাতার অনেক খোঁজখবর নিয়েছে বলে জানা গেছে। ফুটবলাররা ঢাকায় পা রাখার আগে কাতার হতে একটি অগ্রগামী দল ঢাকা পৌঁছাবে। তিন সদস্যের কাতার প্রতিনিধিদল ঢাকায় ঝটিকা সফর করবে। কোনো ত্রুটি আছে কিনা তা নিশ্চিত করে দোহায় সবুজ সংকেত পাঠালে ফুটবলারদের বহনকারী বিমান ঢাকার উদ্দেশ্যে উড়াল দেবে বলে জানা গেছে। সব মিলিয়ে কাতার হতে ৫৭ জনের বহর নিয়ে বাংলাদেশে আসছে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

জানা গেছে, এরই মধ্যে কাতার একটা ফর্দ পাঠিয়েছে। তারা জানতে চেয়েছে ১০ অক্টোবরের ম্যাচকে কেন্দ্র করে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে। কাতার ফুটবল কর্মকর্তাদের চাহিদা মোতাবেক আন্তরিকতার সঙ্গে সব কিছুই করে দিচ্ছে বাফুফে। একটা বড়ো দল আসবে তাদের কিছু চাওয়া থাকতেই পারে। সেই লক্ষ্য রেখে যতটা সম্ভব করার চেষ্টা করেছে বাফুফে। তাছাড়া কাতার বাংলাদেশের ফুটবলের খুবই ঘনিষ্ঠ বন্ধু। বাংলাদেশ ফুটবল একাধিকবার কাতারে কন্ডিশনিং ক্যাম্প করেছে। একাধিক প্রীতি ম্যাচ খেলেছে। কাতার ফুটবল ফেডারেশনের সহায়তার হাত প্রসারিত ছিল বলেই বাংলাদেশের জন্য অনেক কিছুই সহজ হয়েছিল। সেই প্রতিদান হিসেবে কাতার বাফুফের কাছে কোনো আবদার রাখেনি। বরং তাদের যতটুকু প্রাপ্য তা নিপুণতার সঙ্গে পূরণ করতে চায় বাফুফে। কাতারের পাঠানো ফর্দে কী বলা হয়েছিল? এমন প্রশ্নে বাফুফের সাধারণ সম্পাদক জানিয়েছেন নিরাপত্তা, হোটেল আবাসন, যেখানে খেলা হবে সেই স্টেডিয়াম এবং স্টেডিয়ামের মাঠের নিরাপত্তা কিভাবে সাজানো হচ্ছে, মাঠ, অনুশীলন মাঠ, খেলোয়াড়দের বহনকারী বাস, যেসব পথ দিয়ে কাতারের ফুটবলারদের গাড়ি যাওয়া-আসা করবে সেই পথের বর্তমান অবস্থা, কত সময় যাওয়া-আসায় খরচা হয়, এমন বেশ কিছু বিষয় জানতে চেয়েছিল। আবু নাঈম সোহাগ বলেন, ‘কাতার যা কিছু জানতে চেয়েছিল তা আমরা জানিয়ে দিয়েছি। তারপরও একটি অগ্রগামী দল আজ ঢাকায় আসবে।

কাতার ফুটবল দল নিজেরাই আবাসন ব্যবস্থা করে নিয়েছে নিজেদের পছন্দানুযায়ী। ইন্টারকন্টিনেন্টাল হোটেল তাদের পছন্দ। এই হোটেল নতুন করে সাজানো হয়েছে যা দেখে পছন্দ করেছে কাতার। সেখানে খেলোয়াড় কোচ কর্মকর্তাসহ ৫৭ জনের জন্য আবাসন ব্যবস্থা করা হয়েছে। অর্ধশতাধিকের মধ্যে ২৩ জন ফুটবলার। কোচিং ষ্টাফ ডজনখানেক, এছাড়াও কাতার নিজেরা বাবুর্চি নিয়ে আসবে, খেলোয়াড়দের জন্য মনোবিদ থাকবেন, ডাক্তার, ফিজিও, মাসাজম্যান, একাধিক বলবয় এবং কম্পিউটার এনালিষ্ট, উচ্চ পর্যায়ের নিরাপত্তা কর্মকর্তা, ক্রীড়াসামগ্রী বহন করার জন্য পৃথক স্টাফসহ ৫৭ জনের দল মাত্র দুই দিনের জন্য ঢাকায় আসবেন। এখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রয়োজনও মনে করছে না কাতার। আগামীকাল এসে পরের দিন অনুশীলন করেই বৃহস্পতিবার ম্যাচ খেলবে কাতার। পরদিন দুপুরেই ঢাকা ছাড়বে বিশ্বকাপ আয়োজক দেশ কাতার ফুটবল দল। ই গ্রুপে বাংলাদেশ, কাতার, ভারত, ওমান এবং আফগানিস্তান খেলছে।