সিরিজ হারল নারী ‘এ’ দল

আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ২০:৫৪

  স্পোর্টস ডেস্ক

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ নারী ‘এ’ দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল বাংলাদেশের মেয়েরা ভারতের বিপক্ষে হারে ৬৮ রানের বড়ো ব্যবধানে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে জিতলো ভারতীয় নারী ‘এ’ দল।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নির্ধারিত ২৪ ওভারে ভারত করে ১৩৩ রান। হারায় ছয়টি উইকেট। সর্বোচ্চ ৩২ রান করেন ইয়াস্তিকা ভাটিয়া। দেবিকা বৈদ্য ২২, তেজাল হাসাবসিন ২৬ ও মিন্নু মানি ২৪ রান করেন। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দুটি করে উইকেট নেন ঋতু মনি ও খাদিজা তুল কুবরা।

জবাব দিতে নেমে ২৪ ওভারে আট উইকেট হারিয়ে স্বাগতিক দল করে মাত্র ৬৫ রান। বোলিংয়ের পর ব্যাটিংয়েও আশাব্যঞ্জক স্কোর গড়েছেন ঋতু মনি। তার ব্যাট থেকে আসে ২৫ রান। এছাড়া শোভানা মোস্তারি ১৩ ও নুঝাত টুম্পা ১২ রান করেন। এর বাদে আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

ভারতের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন দেবিকা ভাটিয়া। ব্যাটিংয়ের পর বোলিংয়েও উজ্জ্বল থাকায় তার হাতেই উঠেছে ম্যাচ সেরার পুরস্কার। ওয়ানডে সিরিজ শেষে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। জানিয়ে রাখা ভালো, গতকালই আইসিসি ডেভেলপমেন্ট স্কোয়াডের অংশ হয়ে অস্ট্রেলিয়ায় মেয়েদের বিগ ব্যাশ খেলতে গেছেন নিগার সুলতানা ও রুমানা আহমেদ। দুই জনই সিরিজের প্রথম ম্যাচে একাদশে ছিলেন।