মুরাদনগরে বরাদ্দকৃত প্লট পাওয়ার দাবিতে মানববন্ধন

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ২২:০০

মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা

মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে জেলা পরিষদ প্রস্তাবিত বঙ্গবন্ধু মার্কেটের বরাদ্দকৃত প্লট ও দোকান মালিকদের বুঝিয়ে না দিয়ে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। মঙ্গলবার কোম্পানীগঞ্জ বাজারে প্রস্তাবিত বঙ্গবন্ধু মাকের্টের সামনে মুরাদনগর-কোম্পানীগঞ্জ সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে ভুক্তভোগী ব্যবসায়ী ও মালিকরা।

সভায় বক্তারা অভিযোগ করে বলেন, কোম্পানীগঞ্জ বাজারে কুমিল্লা জেলা পরিষদের প্রস্তাবিত বঙ্গবন্ধু মার্কেটের প্লট বর্ধিতকরণ অংশে প্লট বরাদ্দের কার্যক্রম গ্রহণের লক্ষ্যে ১৯৯৭ সালের ৩০ জুলাই সময় পর্যন্ত সম্পাদিত আবেদনপত্রসহ ব্যাংক ড্রাফ্ট ও পে-অর্ডারের মাধ্যমে ১২ হাজার টাকার বিনিময়ে জেলা পরিষদ প্লট ও দোকান বরাদ্দ করে। কিন্তু তা আজও বুঝিয়ে না দিয়ে একটি কুচক্রি মহল নতুন করে প্লট ও দোকান বরাদ্দ নেওয়ার লক্ষ্যে দখলকৃতদের উচ্ছেদের চেষ্টা করছে বলে অভিযোগ করেন। এ সময় আগে বরাদ্দ নেওয়া মালিকদের জেলা পরিষদ প্লট বুঝিয়ে দিতে ও ক্ষতিপূরণ দাবি জানায় ভুক্তভোগী মালিক ও ব্যবসায়ীরা। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু মার্কেটের দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি সফিকুর রহমান ছবি, সাধারণ সম্পাদক মোছলেহ উদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্য শের আলী মেম্বার প্রমুখ।