সাত দিনের মধ্যে বিসিকের ফাইল নিষ্পত্তির নির্দেশ

আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ২১:০০

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বিসিকের নিজস্ব গুদাম ও

প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র চালুর চিন্তা শিল্প মন্ত্রণালয়ের

g ইত্তেফাক রিপোর্ট

সাত দিনের মধ্যে বিসিকের মাঠ পর্যায়ে ফাইল নিষ্পত্তি করার নির্দেশনা দিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। কোনো শিল্পোদ্যোক্তা যাতে অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়ে বিসিকের শিল্পনগরীসমূহের কর্মকর্তাদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

গতকাল রবিবার রাজধানীর উত্তরায় অবস্থিত ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ কেন্দ্রে বিসিকের বার্ষিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ নির্দেশনা দেন। বিসিকের চেয়ারম্যান মো. মোশ্তাক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পসচিব মো. আবদুল হালিম। দুই দিনব্যাপী বার্ষিক সম্মেলনে বিসিকের সদর দপ্তর, বিভাগীয় এবং জেলা পর্যায়ের কর্মকর্তারা  অংশগ্রহণ করেন।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, শিল্প মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর ও সংস্থাসমূহে কোনো প্রকার দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।  প্রতিমন্ত্রী এসময় শিল্পনগরীসমূহে শিল্পকারখানা ব্যতীত যাতে অন্য কোনো স্থাপনা না থাকে, সে বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি মাঠ পর্যায়ে ভালো কাজের জন্য কর্মকর্তাদের বিশেষ ইনসেনটিভ প্রদানের ব্যবস্থা গ্রহণের  জন্য বিসিকের প্রতি আহ্বান জানান। 

শিল্পনগরীসমূহের খালি প্লটে নতুন শিল্পকারখানা স্থাপনের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে জেলা পর্যায়ে মোটিভেশনাল কার্যক্রম পরিচালনা করার পরামর্শ দেন তিনি। প্রতিমন্ত্রী লবণচাষিদের জন্য লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বিসিকের উদ্যোগে নিজস্ব লবণের গুদাম স্থাপন ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র পরিচালনা করা যায় কি না—তা বিবেচনা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিসিকের চেয়ারম্যান ২০১৮-১৯ অর্থবছরের বিসিকের  কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের মতো আধুনিক শিল্পনগরী বিসিকের অধীনে স্থাপন করা হবে। এ জন্য চারটি আমব্রেলা প্রজেক্ট বাস্তবায়ন করা হবে বলে তিনি উল্লেখ করেন।