ইত্তেফাক রিপোর্ট
ভালো উদ্যোক্তাকে ব্যাংকাররা ঋণ দিতে আগ্রহী হন বলে জানিয়েছেন কৃষি ব্যাংকের চেয়ারম্যান মুহাম্মাদ ইসমাইল। তাই সততার সঙ্গে নতুন উদ্যোক্তাদের কাজ করার আহবান জানান তিনি। গত শনিবার রাজধানীর ইস্কাটনে ঢাকা স্কুল অব ইকোনমিক্স-এর এন্টারপ্রেনারশিপ ইকোনমিস্ট ক্লাব আয়োজিত উদ্যোক্তা সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থনীতিবিদ ও ঢাকা স্কুল অব ইকোনমিক্সের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের অধ্যাপক ড. আইরিন আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সাবেক অধ্যাপক ড. মুহাম্মদ মহিউদ্দিন, কিউ পিয়ালের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসির। এতে সভাপতিত্ব করেন ঢাকা স্কুল অব ইকোনোমিক্সের উদ্যোক্তা অর্থনীতি বিভাগের সমন্বয়ক অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী। ড. মুহম্মদ মাহবুব আলী বলেন, উদ্যোক্তা সৃষ্টির জন্য ক্ষুদ্র সঞ্চয়কে কমিউনিটি ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে বিনিয়োগে আনার উদ্যোগ নিতে হবে।
