সূচকের পতন দিয়ে সপ্তাহ শুরু

আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ২১:০১

কমেছে লেনদেনও

 ইত্তেফাক রিপোর্ট

শেয়ারবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে সপ্তাহের লেনদেন শুরু হয়েছে। সেই সঙ্গে কমেছে লেনদেনও। দেশের দুই শেয়ারবাজারেই একই চিত্র দেখা গেছে। গতকাল রবিবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯১৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৩৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭৪৭ পয়েন্টে। পুঁজিবাজারের উন্নয়নে সরকার বেশকিছু পদক্ষেপ নিয়েছে।

এছাড়া সম্প্রতি বাজারে তারল্যের জোগান বাড়াতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি একটি সার্কুলারও জারি করেছে। তবে বাজার সংশ্লিষ্টরা বলছেন, সাধারণ ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের মধ্যে বাজার সম্পর্কে এখনো আস্থার ঘাটতি রয়ে গেছে। এ কারণে বাজার থেকে বেরিয়ে যাওয়া কিংবা পর্যবেক্ষণে থাকা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে বাজারে আসা কিংবা বিনিয়োগে আসার প্রবণতা দেখা যাচ্ছে না।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩০৭ কোটি ২২ লাখ টাকার; যা আগের কার্যদিবস বৃহস্পতিবারের চেয়ে ২১ কোটি ৪১ লাখ টাকা কম। বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ৩২৮ কোটি ৬৩ লাখ টাকা। ডিএসইতে ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ২১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির।

লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো :ন্যাশনাল টিউবস, বীকন ফার্মা, স্ট্যান্ডার্ড সিরামিকস, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, ওয়াটা কেমিক্যালস, বিএসসিসিএল,  মুন্নু স্টাফলার, সামিট পাওয়ার, এটলাস বাংলা ও সোনার বাংলা ইন্স্যুরেন্স।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : ন্যাশনাল টিউবস, আইসিবি এমপ্লয়ী মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট স্কিম, আলিফ ইন্ডাস্ট্রিজ, সুহূদ ইন্ডাস্ট্রিজ, এনসিসিবি মিউচ্যুয়াল ফান্ড-১, উসমানিয়া গ্লাস, প্রাইম টেক্স, সিভিও পিআরএল, ইন্ট্রাকো রিফুয়েলিং ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স।

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, জিলবাংলা সুগার, এশিয়ান টাইগার, এসইএমএল আইবিবিএল শরিয়াহ্ ফান্ড, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, দুলামিয়া কটন, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, স্ট্যান্ডার্ড সিরামিকস, ভ্যানগার্ড এএমএল বিডি মিউচ্যুয়াল ফান্ড-১ ও তাল্লু স্পিনিং।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৯৭৯ পয়েন্টে। সিএসইতে ১২ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারদর।