মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীদের ক্ষতিপূরণসহ তাদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকালে জেলা নাগরিক ও পেশাজীবী ঐক্য পরিষদের আয়োজনে, পৌর মার্কেট মালিক ও বণিক সমিতির সমন্বয়ে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জেলা নাগরিক ও পেশাজীবী ঐক্য পরিষদের সভাপতি আ ফ ম সুলতানুল আজমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা নাগরিক ও পেশাজীবী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলিয়ার রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার সরকার, মানিকগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ওলামা মাশায়েখ পরিষদের মহাসচিব বশির রেজা, দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ হোসেন শিশিরসহ ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীগণ।
বক্তারা বলেন, মানিকগঞ্জ পৌরসভা দোকান মালিকদের ক্ষতিপূরণ কিংবা পুনর্বাসনের বিষয়ে আশ্বস্ত করতে পারছে না বলে দোকান মালিকরা বিড়ম্বনায় পড়েছেন। এসময় বক্তারা ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীদের ক্ষতিপূরণসহ তাদের পুনর্বাসনের দাবি করেন। পৌরমার্কেট উচ্ছেদের জন্য তারা পৌরসভার গাফিলতিকে দায়ী করেন। বক্তারা আরো বলেন, সড়ক ও জনপথ অনেক আগে থেকেই পৌরসভাকে ভবনটি সরানোর জন্য অবগত করলেও পৌর কর্তৃপক্ষ দোকান মালিকদের সঠিক কোনো সিদ্ধান্ত দিতে পারেনি। লাগামহীন দুর্নীতিতে নিমজ্জিত মাানিকগঞ্জ পৌরসভা। প্রথম শ্রেণির পৌরসভা হয়েও কোনো ধরনের সুযোগ-সুবিধা ভোগ করতে পারছে না নগরবাসী।
