বৈদ্যুতিক সরঞ্জামের বহুমাত্রিক ব্যবহারে বাড়ছে বজ্রপাত

আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ২১:৫৩

গোলটেবিল আলোচনায় বক্তারা

g ইত্তেফাক রিপোর্ট

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ুর বিরূপ প্রভাবে বিশ্বব্যাপী প্রাকৃতিক দুর্যোগ ভয়াবহভাবে বেড়ে চলেছে। এর মধ্যে বজ্রপাতজনিত ভয়াবহতা ব্যাপকভাবে বিশ্ববাসীকে উদ্বিগ্ন করে তুলেছে। এ অবস্থায় বৈজ্ঞানিক কিছু পদক্ষেপ সরকারকে গ্রহণ করতে হবে। তবে বজ্রপাতের কারণে ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতি মোকাবিলায় জনসচেতনতাই প্রধান নিয়ামক শক্তি হতে পারে। গতকাল রবিবার কাকরাইলে আইডিইবি ভবনে ‘বজ্রপাতজনিত ভয়াবহতা মোকাবিলায় করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) এ অনুষ্ঠানের আয়োজন করে।

সংগঠনের সভাপতি এ কে এম এ হামিদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আইডিইবির সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান। বজ্রপাতজনিত ভয়াবহতা মোকাবিলায় করণীয় বিষয়ের ওপর পৃথক ২টি প্রবন্ধ উপস্থাপন করেন আইডিইবির রিসার্চ ফেলো মো. ইয়াকুব হোসেন শিকদার ও মো. মনির হোসেন।

বক্তারা বলেন, জলবায়ুর বিরূপ প্রভাব ও বিকাশমান অর্থনৈতিক অগ্রগতির প্রেক্ষিতে বৈদ্যুতিক সরঞ্জামাদির বহুমাত্রিক ব্যবহারের কারণে বাংলাদেশে ক্রমেই বজ্রপাতের হার বৃদ্ধি পাচ্ছে। আশঙ্কাজনক হারে ঘটছে প্রাণহানি। প্রাণহানির পরিসংখ্যান তুলে ধরে বলা হয়, ২০১৫ সালে ২৭৪ জন, ১৬ সালে ৩৮৭ জন, ১৭ সালে ৩৭২ জন, ১৮ সালে ৪৪৯ জন প্রাণ হারিয়েছে। এদের অধিকাংশই প্রান্তিক জনগোষ্ঠী। যাদের মধ্যে প্রান্তিক কৃষক ৩৪ ভাগ, নির্মাণ শ্রমিক ২৬ ভাগ, পথচারী ৯ ভাগ, সামরিক কাজে ৪ ভাগ, বার্জে ৪ ভাগ ও অন্যান্য ক্ষেত্রে ২৩ ভাগ মানুষ প্রাণ হারিয়েছে।

তারা বলেন, বজ পাতের আগাম সংকেত ও জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা গেলে উদ্বেগজনক প্রাণহানির হার কমিয়ে আনা সম্ভব। এ প্রক্রিয়ায় প্রতিদিন সকালে আবহাওয়ার বার্তা পর্যবেক্ষণ করা, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে ঘন ঘন পর্যবেক্ষণ করা দরকার। পূর্ব প্রস্তুতি সম্পর্কে শ্রমিকদের অবহিত করা এবং কর্মস্থলের নিকটবর্তী নিরাপদ স্থান চিহ্নিত করে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে। অনুষ্ঠানে বজ পাতের ক্ষয়ক্ষতি মোকাবিলায় ২২টি সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—হাওর অঞ্চলে সুরক্ষা জোন তৈরি করা, বিদ্যুতের এইচপিসি পোল, কাঠের খুঁটি, ইস্পাত টাওয়ার আর্থিং করার সময় অবশ্যই ডাউন কন্টান্ডটর/ আর্থ কন্ট্রিনিউটি ওয়্যার ব্যবহার করা, বজ পাত সম্পর্কিত ক্ষয়ক্ষতির বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা।