গার্মেন্টস কর্মকর্তা, পুলিশ সদস্য ও ছাত্রসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত হয়েছেন। গত শনিবার ও গতকাল রবিবার এসব দুর্ঘটনা ঘটে। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো সংবাদ—
মঠবাড়িয়া (পিরোজপুর): মঠবাড়িয়ায় জনি ফরাজী (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গত শনিবার মঠবাড়িয়া-তুষখালী সড়কের ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। জনি উপজেলার বান্ধাঘাটা গ্রামের সেলিম ফরাজীর ছেলে। সে মঠবাড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
সাভার: পিকআপ ভ্যানের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষের ঘটনায় তাজিমুল ইসলাম (৩৫) নামে এক গার্মেন্টস কর্মকর্তার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো তিন জন। গতকাল উপজেলার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের মরাগাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাজিমুল আলফা ক্লথিং লিমিটেড কারখানায় সহকারী জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
টেকনাফ (কক্সবাজার): পৃথক সড়ক দুর্ঘটনায় মাহবুর রহমান (৪৫) নামে এক রোহিঙ্গা চিকিত্সাধীন অবস্থায় নিহত এবং আরো তিন জন আহত হয়েছেন। গতকাল উপজেলার হ্নীলা স্টেশন এলাকায় একটি মাহিন্দ্রারা এবং মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। তিনি ঊনছিপ্রাং ক্যাম্পের ব্লক-ডি-১, বাসা নং-৫২৬ এর বাসিন্দা।
মুকসুদপুর (গোপালগঞ্জ): মুকসুদপুরে বাসের ধাক্কায় সম্রাট বিশ্বাস (২৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। গত শনিবার ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুরের গেড়াখোলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। সম্রাট বিশ্বাস গোপালগঞ্জের কাশিয়ানীর চর পদ্মবিলা গ্রামের কেশব লাল বিশ্বাসের ছেলে। তিনি রাজধানীর মিরপুর থানায় কর্মরত ছিলেন।
যশোর: ট্রাকের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে হাসান আলী (১৮) ও মালিয়া আক্তার (১৩) নামে দুই জন নিহত ও তৈয়বা খাতুন নামে এক স্কুলছাত্রী আহত হয়েছে। গতকাল যশোরের খাজুরা এলাকার কদমতলা নামক স্থানে যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হাসান যশোরের উপশহর ডি-ব্লকের আসলাম আলীর ছেলে এবং মালিয়া এফ-ব্লকের সেলিম হোসেনের মেয়ে। তারা তিন জন খালাতো ভাইবোন।
