আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
আগৈলঝাড়ায় বাল্যবিয়ের অপরাধে সোমবার বর ও ইউপি সদস্যকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার মোঃ সিদ্দিকুর রহমান জানান, উপজেলার রাজিহার গ্রামের মৃত ভীম বাগচীর ছেলে অপ্রাপ্ত বয়স্ক রবীন বাড়ৈ গত সপ্তাহ আগে একই এলাকার অপ্রাপ্ত বয়স্ক এক মেয়েকে বিয়ে করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রানী সেনকে ঘটনা তদন্তের নির্দেশ দেন। মহিলা বিষয়ক কর্মকর্তা তদন্তে ঘটনার সত্যতা পেয়ে বর রবীন বাগচী ও তাকে বিয়েতে উদ্বুদ্ধকরণ ও সহায়তা করার জন্য পার্শ্ববর্তী ২নং বাকাল ইউনিয়নের আমবাড়ি গ্রামের জ্যোতিষ চন্দ্র বৈষ্ণবের ছেলে ৪নং ওয়ার্ডের সাবেক সদস্য নয়ন বৈষ্ণবকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। সোমবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস অপ্রাপ্ত বয়স্ক বর রবীন বাগচীকে ১৫ হাজার টাকা ও তাকে বাল্যবিয়েতে উদ্বুদ্ধকরণ ও সহায়তার জন্য নয়ন বৈষ্ণবকে ২৫ হাজার টাকাসহ দুইজনকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা জমা দিয়ে দণ্ডপ্রাপ্তরা মুক্তি পায়।
