আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, দুর্নীতির চক্র বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। গতকাল রবিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি আয়োজিত ‘কর্মদক্ষতা বৃদ্ধিতে সামাজিক যোগাযোগ মাধ্যম’ শীর্ষক বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘আপনারা যাদের সন্দেহ করেছেন, গ্রেফতার হয়ে?ছে। সামনে আরো গ্রেফতার হবে। এটা কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়। যে অপরাধী, তাকে গ্রেফতার করা হবে, আইনের আওতায় আনা হবে। সরকার এ ব্যাপারে সংকল্পবদ্ধ। এই লক্ষ্য সামনে রেখেই শুদ্ধি অভিযান শুরু হয়েছে।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে কাদের বলেন, ভারতের সঙ্গে কোন চুক্তি সংবিধানবিরোধী এবং দেশবিরোধী হয়েছে তার সঠিক প্রমাণ দেবেন কি? তিনি বলেন, মির্জা ফখরুল অন্ধকারে ঢিল ছুড়বেন না। বিএনপির জনপ্রিয়তা নেই তা রংপুরের নির্বাচনে ফের প্রমাণ হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতা দেখে বিএনপির গাত্রদাহ বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিএনপি যে সমালোচনা করছে এটি তাদের অপরাজনীতির বহিঃপ্রকাশ। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় তারা অসংলগ্ন বক্তব্য দিচ্ছে। ছিটমহল চুক্তি হয়েছে, তিস্তা নিয়ে ভারত সরকারের সঙ্গে প্রধানমন্ত্রীর ইতিবাচক আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী এ ব্যাপারে সফল হবেন। প্রধানমন্ত্রী দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে চুক্তি করবেন না।
আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য অধ্যাপক ড. হোসেন মনসুরের সভাপতিত্বে এতে উপ-কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার আবদুস সবুরসহ অন্যরা বক্তব্য রাখেন। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয় হলে পূজামণ্ডপ পরিদর্শন করেন।
