ভারতের সঙ্গে করা ‘দেশবিরোধী’ সব চুক্তি বাতিল দাবি বিএনপির

আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ০০:৩৫

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সমুদ্রবন্দর, ফেনী নদীর পানি, রাডার মোতায়েন এবং তরল গ্যাস ভারতের হাতে তুলে দেওয়ার যে চুক্তি করা হয়েছে তা সার্বভৌমত্ব ও দেশবিরোধী। প্রধানমন্ত্রীর ভারত সফরে চুক্তি ও সমঝোতা স্মারকে বাংলাদেশের স্বার্থ রক্ষা হয়নি, একতরফাভাবে সবকিছু দিয়ে আসা হয়েছে। অবিলম্বে এসব চুক্তি বাতিলের দাবি জানান তিনি। গতকাল নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের এই সরকারের নাকি পর্বতের শৃঙ্গের মতো সম্পর্ক। কিন্তু বারবার আমরা হতাশ হই। আমাদের সীমান্তে হত্যা সমস্যার সমাধান হয় না, আমাদের তিস্তার পানির সমস্যার সমাধান হয় না, বর্ষায় ফারাক্কার বাঁধ খুলে দিলে প্রবল বন্যার সৃষ্টি হয়, এখনো ভাসছে উত্তরাঞ্চল—এই সমস্যার সমাধান হয় না, বাণিজ্যের মধ্যে বিশাল ভারসাম্যহীনতা—সেটার সমাধান হয় না। মনে হয়েছে এগুলো চুক্তি নয় যেন আরেকটি দাসখত দেওয়া হলো। তার বদলে সরকার পেয়েছেন ক্ষমতার মসনদে থাকার গ্যারান্টি আর ‘ঠাকুর শান্তি পুরস্কার’। তবে বাংলাদেশের জনগণের বদনসিব, বিনিময়ে বাংলাদেশ কিছুই পায়নি।

রিজভী বলেন, চুক্তির বিষয়ে জনগণের দৃষ্টি অন্য দিকে ফেরাতে এতদিন পর সম্রাটকে গ্রেফতার দেখানোর নাটক মঞ্চস্থ হয়েছে।

রংপুরের ভোটের ফলাফল প্রত্যাখ্যান

রিজভী নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে বলেন, নির্বাচনের নামে রংপুর-৩ আসনে প্রহসন হয়েছে, আমরা এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করছি। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।