শৈলকুপায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৭

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ২২:০৩

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কদমতলা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে এ সংঘর্ষ চলে। এ সময় একটি বাড়িতে হামলা ও দোকান ঘর ভাঙচুর করা হয়েছে। কেটে দেওয়া হয়েছে ক্ষেতের কলাগাছ।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে উমেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সাব্দার হোসেন মোল্লা এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান বাবুলের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার বিকেলে সাব্দার মোল্লা গ্রুপের একজনকে পিটিয়ে আহত করে মিজানুর রহমান বাবুলের লোকজন। এ নিয়ে মঙ্গলবার সকালে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ঢাল, শরকি, রামদা নিয়ে মুখোমুখি অবস্থান নেয়।  ধাওয়া-পাল্টা ধাওয়ায় চলে। সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়। আহতদের শৈলকুপা হাসপাতালসহ স্থানীয়ভাবে চিকিত্সা দেওয়া হয়েছে। পরে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।