মাদক সেবনের অভিযোগে ৬ মাসের কারাদণ্ডপ্রাপ্ত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সহ-সভাপতি এনামুল হক আরমানকে ইয়াবা রাখার অভিযোগে পৃথক আরো একটি মামলা দিয়ে ফেনী থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
রবিবার রাত পৌনে ১১টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে র্যাব-৭ তাকে ফেনী থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার মো. ফোরকান ওয়াহিদ। তিনি জানান, ফেনী থেকে রাতে আরমানকে কারাগারে নিয়ে আসে র্যাব-৭ এর একটি টিম।
এর আগে শনিবার মধ্য রাতে জেলার সীমান্তবর্তী আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রামের মনির চৌধুরীর বাড়ি থেকে হয় ক্যাসিনো কেলেঙ্কারির ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও তার ঘনিষ্ঠ বন্ধু আরমানকে আটক করে র্যাব।
যে বাড়ি থেকে তাদের আটক করা হয় সেই বাড়ির মালিক মনির চৌধুরী স্টার লাইন পরিবহনের মালিক ও ফেনী পৌরসভার মেয়র হাজী আলা উদ্দিনের ভগ্নীপতি। মনির চৌধুরী নিজেও স্টার লাইন পরিবহনের একজন পরিচালক। পরিবহনের ব্যবসার সঙ্গে জড়িত থাকার কারণে আলা উদ্দিন ও মনির চৌধুরীর সঙ্গে ঘনিষ্ঠতা ছিল সম্রাট ও আরমানের। আটকের সময় আরমান মাদক সেবন করে মাতাল অবস্থায় থাকায় ভ্রাম্যমাণ আদালতে তাকে বিনাশ্রম ৬ মাসের কারাদণ্ড দেয়।
এদিকে চৌদ্দগ্রাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ জানান, আরমানের নিকট থেকে ১৪০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় র্যাব-৭ এর এসআই সজিব মিয়া বাদী হয়ে রাতে মাদক আইনে থানায় অভিযোগ দাখিল করেছেন।
ইত্তেফাক/জেডএইচ
