‘বনসাই জগত্’-এর প্রতিষ্ঠাতা বনসাই শিল্পী মো. সুলাইমানের প্রথম বার্ষিক বনসাই প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ঋতুর রানি শরতের মুগ্ধতা নিয়ে বনসাই জগত্ ও সিমুড ইভেন্টস এ আয়োজন করেছে। গত ৩ সেপ্টেম্বর গুলশানের ক্যাডেট কলেজ ক্লাবে প্রদর্শনীটি উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বনসাই একটি শিল্প। এই শিল্পকে আমাদের কাছে তুলে ধরার জন্য বনসাই শিল্পী মো. সুলাইমানকে আন্তরিক অভিনন্দন। বাংলাদেশে বাণিজ্যিক ভিত্তিতে বনসাই চাষ করে লাভবান হওয়ার সম্ভবনা রয়েছে।’ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বনসাই জগতের প্রতিষ্ঠাতা বনসাইশিল্পী মো. সুলাইমান বলেন, ‘আমার অবসরে সঙ্গী বনসাই। বনসাইকে নিজের সন্তানের মতো লালন-পালন করে বড়ো করে তুলি। একটি পরিপূর্ণ বনসাই দেখলে আমার মন ভরে যায়।’ তিন দিনের এই আয়োজনে তিনশটি বনসাই প্রদর্শন করা হয়েছে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মাদ হারুন অর রশিদ, বাংলাদেশ বনসাই সোসাইটির সভাপতি নামজা শফিক, গুলশান ক্যাডেট কলেজ ক্লাবের সভাপতি গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মাদ আলামগীর, সিমুডের ব্যবস্থাপনা পরিচালক ডা. জাহিদুর রশিদ সুমনসহ বনসাই জগত্ পরিবারের সদস্যরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন বনসাই জগতের সাধারণ সম্পাদক ডা. এ কে এম শাহরিয়ার। প্রদর্শনীটি ৬ অক্টোবর শেষ হয়েছে।
