সাতকানিয়ায় সাঙ্গু নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ২১:০১

সাতকানিয়ায় সাঙ্গু নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার রাত সাড়ে ১২টার দিকে সাতকানিয়া থানা পুলিশ উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মীরপাড়া এলাকায় সাঙ্গু নদী থেকে লাশ উদ্ধার করে। বাজালিয়া ইউনিয়ন পরিষদ সদস্য মো. শামসুল ইসলাম জানান, মীরপাড়া এলাকায় স্থানীয় লোকজন নদীতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। রাত সাড়ে ১২টার দিকে পুলিশ গিয়ে ভাসমান অবস্থায় অর্ধগলিত লাশটি উদ্ধার করে। আনুমানিক ৩৫ বছর বয়সি লাশটি পুরুষের বলে স্থানীয়রা নিশ্চিত করেছে।

সাতকানিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিহাদ আলী জানান, লাশের হাতে রাখি ও মাজায় তাবিজ রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।