রাস্তা পাকা করার আবেদন

আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ২১:২৯

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলাধীন পাথরডুবী ইউনিয়নের মইদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম দিকে কাঁচামাটির রাস্তাটি এখনো পাকা হয়নি। প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এ রাস্তা মইদাম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে থানাঘাট-বাঁশজানী পাকা সড়কে সংযোগ হয়েছে। বর্ষাকালে স্কুলগামী ছেলেমেয়েদের ঐ পথে চলাচল খুব কষ্টকর হয়। রাস্তাটির কোনো কোনো জায়গায় মাটি ভেঙে কয়েকটি রড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে রিকশা, ভ্যান, অটো, মটরবাইক চলাচলে বিঘ্ন ঘটে । মইদাম গ্রামের কৃষকদের জন্য রাস্তাটি পাকা হওয়া একান্ত প্রয়োজন। ঐ রাস্তায় গাড়ি দিয়ে ধান, পাট, গম ভূরুঙ্গামারী হাটবাজারে নিয়ে যাওয়া সম্ভব হয় না। অনেক দূর ঘুরে অন্য রাস্তা দিয়ে বেশি ভাড়া দিয়ে মালামাল হাটে নিতে হয়। বৃষ্টি হলে এ রাস্তায় চলাচল করা কঠিন হয়ে পড়ে। পরিশেষে, মৈদাম গ্রামের কাঁচা রাস্তাটি পাকা করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এস এম গোলাম মোস্তফা

ভূরুঙ্গামারী, কুষ্টিয়া