আজ ফিরছেন মুমিনুল-মিরাজরা

আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ২১:৩২

শ্রীলঙ্কায় বাংলাদেশ ‘এ’ দলের চারদিনের ম্যাচের সিরিজ শেষে আজ দেশে ফিরে আসছেন পাঁচ ক্রিকেটার। হাম্বানটোটা থেকে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গতকাল জানিয়েছেন, আজ মঙ্গলবার দেশে ফিরবেন মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, সাদমান ইসলাম, জহুরুল ইসলাম ও সালাউদ্দিন শাকিল। এর আগে সৌম্য সরকার এক ম্যাচ পরই দেশে ফিরে এসেছিলেন।

চারদিনের ম্যাচের সিরিজে মুমিনুল হক ‘এ’ দলের নেতৃত্ব দিয়েছেন। হাম্বানটোটায় দ্বিতীয় চারদিনের ম্যাচে সেঞ্চুরিও করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দলে জায়গা হয়নি মুমিনুলসহ বাকি চার ক্রিকেটারের। দেশে ফিরে তারা যোগ দিবেন এনসিএলে নিজ নিজ বিভাগীয় দলে।

এদিকে গতকাল দুপুরে কলম্বোর উদ্দেশ্যে উড়াল দিয়েছেন আরো পাঁচ ক্রিকেটার। ওয়ানডে সিরিজের জন্য ‘এ’ দলে ডাক পেয়েছেন তারা। আফিফ হোসেন ধ্রুব, আবু হায়দার রনি, আরিফুল হক, সাইফ হাসান ও নাঈম শেখ দেশ ছেড়েছেন গতকাল। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে খেলবেন তারা। বাংলাদেশ-শ্রীলঙ্কা ‘এ’ দলের তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ৯, ১১ ও ১২ অক্টোবর।

শ্রীলঙ্কায় এখন ‘এ’ দলের সঙ্গে আছেন কোচ চম্পকা রমানায়েকে ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। গতকাল বিসিবি থেকে জানা গেছে, ‘এ’ দলের ক্রিকেটারদের দেখতে লঙ্কায় যাওয়া জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো, পেস বালিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ট গত রবিবার কলম্বো থেকে ঢাকা হয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে গেছেন। আগামী ২০ অক্টোবর তাদের ঢাকা ফেরার কথা রয়েছে। ২৫ অক্টোবর শুরু হবে জাতীয় দলের ভারত সফরের ক্যাম্প।