তবুও আশায় গার্দিওলা

আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ২১:৩৩

ম্যানচেষ্টার সিটির কোচ পেপ গার্দিওলা বলেছেন, ‘ব্যবধানটা বড়ো’ তবে এরপরও ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে তার দলের পক্ষে লিভারপুলের সঙ্গে পাল্লা দেওয়া সম্ভব।

সিটি গত রবিবার রাতে উলভারহ্যাম্পটনের কাছে ২-০ গোলে হেরে যায়। তাদের পড়শি ম্যানচেষ্টার ইউনাইটেডও এদিন হারের বিস্বাদ নেয়। তবে জিতেছে আর্সেনাল। গেল দুবারের চ্যাম্পিয়নদের হারের মানে হলো তারা এখন লিভারপুলের চাইতে আট পয়েন্টে পিছিয়ে। প্রিমিয়ার লিগ চালুর পর আট খেলা শেষে এটাই হলো কোনো দলের সর্বাধিক ব্যবধানে এগিয়ে থাকা। আগের বড়ো ব্যবধানটি ছিল চেলসির এবং ২০১৪ সালে সেবার তারা শিরোপাও জিতেছিল শেষ পর্যন্ত।

গার্দিওলা এ ব্যাপারে বলেন, ‘আমি এই খেলোয়াড়দের চিনি। তারা এখনো অবিশ্বাস্যভাবে চেষ্টা চালাচ্ছে এবং আমি মনে করি তারা এটা এখনো করে দেখাতে পারে। আমি জানি ব্যবধানটা বেশ বড়ো। অনেক কিছু মিলিয়ে তারা কোনো পয়েন্ট খোয়ায়নি। সবচেয়ে ভালো হবে আট পয়েন্টে এগিয়ে থাকা একটা দলকে নিয়ে না ভাবা। এখন মাত্র অক্টোবর। এখনো অনেক খেলা আছে।’ এটা হলো ২০১৩-১৪ মৌসুমে ম্যানুয়েল পেলিগ্রিনির কোচিংয়ে থাকা দলটির চাইতেও সিটির বাজে সূচনা। সেবার অবশ্য এরপরও শিরোপা জিতেছিল পেলিগ্রিনির সিটি। এবার অবশ্য পরিস্থিতি ভিন্ন। বিশেষ করে লিভারপুল গত শনিবার জেমস মিলনারের বিতর্কিত গোলে লেস্টার সিটিকে হারিয়ে শতভাগ জয়ে শীর্ষে অবস্থান ধরে রেখেছে। 

গার্দিওলার দল গেলবারই লিভারপুলের চাইতে ১০ পয়েন্টে পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়িয়ে শিরোপা জিতেছিল। কিন্তু সেটা ছিল লিগের ১৯ খেলা শেষে। তার মধ্যে আবার সিটির এবারের লক্ষ্য হলো ম্যানচেষ্টার ইউনাইটেডের পর প্রথম দল হিসেবে টানা তৃতীয়বারের মতো লিগ শিরোপা জয়। ইউনাইটেড ২০০৭-০৮ মৌসুমে এ কৃতিত্ব দেখিয়েছিল।

সর্বশেষ হারটি নিয়ে স্পানিশ কোচ গার্দিওলা বলেন, ‘এটা ছিল বাজে এক দিন। আমার আজকের অনুভূতি ছিল এটা এমন একদিন যেদিন আমরা কম সুযোগ তৈরি করি। আমরা চরম রক্ষণাত্মক হয়ে খেলা অনেক দলের মুখোমুখি হয়েছি। কমবেশি সেসব দলের বিরুদ্ধে আমরা উপায় খুঁজে পেয়েছিলাম। কিন্তু এদিনটায় আমাদের সমস্যা ছিল।’ কোচ ওলে গুনার সোলসারের ইউনাইটেডের জন্য হার অবশ্য এখন নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এ দফায় তাদের হারিয়েছে নিউ ক্যাসল, ১-০ গোলে। এই হারে একসময়ের দাপুটে দলটি লিগে ১২তম স্থানে গড়িয়ে গেছে। এ নিয়ে টানা ১১ খেলায় জয় অধরা থাকল সোলসারের দলের জন্য।

এদিকে আর্সেনাল নিজেদের মাঠে বোর্নমাউথকে ১-০ গোলে হারিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে।