আর্জেন্টাইনদের রাতে শীর্ষে জুভেন্তাস

আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ২১:৩৪

পাওলো দিবালা ও গঞ্জালো হিগুয়েইনের গোলে ইন্টার মিলানকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়েছে জুভেন্তাস। এই জয়ে ইন্টারকে হটিয়ে সিরি’আর শীর্ষেও উঠে এসেছে কোচ মাউরিজিও সারির দল।

চলতি মৌসুমে আন্তনিও কন্তের অধীনে দারুণ ছন্দে ছিল ইন্টার। লিগে নিজেদের প্রথম ছয় ম্যাচের সবকটিতেই জিতে পয়েন্ট তালিকার শীর্ষেই ছিল নেরাজ্জুরিরা। অন্যদিকে জুভেন্তাস নতুন কোচ মাউরিজিও সারির নতুন কৌশলে মানিয়ে নেওয়ার চক্রে একটা ম্যাচে গোলশূন্য ড্র করে ইন্টার থেকে দুই পয়েন্ট পিছিয়ে ছিল। তবে রবিবার রাতে সান সিরোয় এগিয়ে যেতে চার মিনিটের বেশি সময় নেয়নি সফরকারী দলটি। মিরালেম পিয়ানিকের বাড়ানো লম্বা বল দারুণ এক ভলিতে ইন্টারের জালে পাঠান দিবালা। তবে এই অগ্রগামিতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি দলটি। ১৮ মিনিটে পেনাল্টি থেকে ইন্টারকে সমতায় ফেরান আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। ১-১ ড্রয়ের দিকে এগোতে থাকা ম্যাচের ফলাফল নির্ধারণ হয় ৮০তম মিনিটে। হিগুয়েইনের গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠে আসে জুভেন্তাস। জুভেন্তাসের জয়ের নায়ক হিগুয়েইন ম্যাচ শেষে বলেন, ‘লিগের সবচেয়ে নিখুঁত দলটি, যারা ছয় ম্যাচের ছয়টিই জিতেছিল; তাদের বিপক্ষে আমরা দারুণ একটি ম্যাচ খেলেছি। এদিন আমরা দারুণ চারিত্রিক দৃঢ়তা ও প্রতিজ্ঞাবদ্ধতা দেখিয়েছি।’