দলবদলে আরো সময় চায় মোহামেডান-আরামবাগ

আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ২১:৩৪

ফুটবলের নতুন মৌসুমের খেলোয়াড় দলবদল শুরু হয়েছে ১ অক্টোবর। কয়েকটি ক্লাব এরই মধ্যে খেলোয়াড় চুক্তি করে ফেলেছে। যদি বাফুফেতে রেজিস্ট্রেশন করায়নি কোনো ক্লাব—তারপরও ক্লাবগুলো নিজেদের মধ্যে খেলোয়াড় চুক্তির কাজটা এগিয়ে রাখছে। সমস্যা হয়েছে সম্প্রতিক ক্যাসিনো কেলেঙ্কারি। ঢাকায় শহরে দেড় শতাধিক ক্যাসিনো বন্ধ হয়েছে। ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, দিলকুশা স্পোর্টিং ক্লাব, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব বন্ধ। ক্লাবপাড়ার ক্যাসিনোর কারণে এই অঞ্চলের পেশাদার লিগের প্রায় সব ক্লাবের কার্যক্রম বন্ধই হয়ে গেছে। প্রিমিয়ার লিগের দল মোহামেডান এবং আরামবাগ ক্রীড়া সংঘ বাফুফের লিগ কমিটির কাছে আবেদন করেছে দলবদলের সময় বাড়াতে। এই দুটি ক্লাব এত বেশি সময় চেয়েছে যা কিনা শুধু কঠিনই নয়, অবাস্তব। মোহামেডান ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়াতে আবেদন করেছে। বাফুফে জানিয়েছে ক্লাবের পরিচালক সাওয়ার হোসেন স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে বিভিন্ন ক্লাবগুলোর বিরাজমান পরিস্থিতি এবং আরো কিছু সমস্যার কথা উল্লেখ করে দলবদলের সময় বাড়ানোর আবেদন করেছেন।

আরামবাগ আরো বেশি সময় চেয়েছে। সাধারণ সম্পাদক ইয়াকুব আলী স্বাক্ষরিত পত্রের কথা উল্লেখ করে বাফুফের লিগ কমিটির সূত্র জানায় আইনশৃঙ্খলা বাহিনী তাদের ক্লাব বন্ধ রাখায় অফিস কার্যক্রম বন্ধ রয়েছে। এ অবস্থায় খেলোয়াড়দের দলবদলের সময় ৩ মাস বাড়াতে অনুরোধ করেছে। ততে দেখা যায় ২০ ফেব্রুয়ারি পর্যন্ত দলবদল বাড়াতে চায় আরামবাগ। ঘোষিত সূচি অনুসারে ১ অক্টোবর হতে ২০ নভেম্বর খেলোয়াড় দলবদল। আর ডিসেম্বরে ফেডারেশন কাপ, জানুয়ারিতে লিগ। ছাড়াও এএফসির খেলা রয়েছে। দলবদল দুই ক্লাবের আবেদনে সিদ্ধান্ত নেবে লিগ কমিটি।