আহ্বায়ক কমিটিতে পদ না পাওয়ার জের

সুপ্রিম কোর্টে বিএনপির আইন সম্পাদকের কক্ষ ভাঙচুর

আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ২১:৪৭

বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের চেম্বারে হামলা ও ভাঙচুর করা হয়েছে। বিএনপিপন্থি আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটিতে স্থান না পেয়ে ক্ষুব্ধ একদল আইনজীবী গতকাল সোমবার বিকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের ১১০ নম্বর কক্ষের ঐ চেম্বারে হামলা ও ভাঙচুর চালায়। তবে ভাঙচুরের সময় কায়সার কামাল চেম্বারে ছিলেন না।

সম্প্রতি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে আহ্বায়ক ও অ্যাডভোকেট ফজলুর রহমানকে সদস্য সচিব করে ১৭৯ সদস্যের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করে দেওয়া হয়। কমিটিকে ৯০ দিনের মধ্যে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে। এই কমিটিতে স্থান না পাওয়ায় ২০/২৫ জন আইনজীবী বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সমিতি ভবন প্রদক্ষিণকালের এক পর্যায়ে বিএনপির আইন বিষয়ক সম্পাদকের কক্ষে হামলা ও ভাঙচুর চালায়। ভাঙচুর চালানোর সময় কক্ষের তালা ও দরজা ভেঙে ফেলে আইনজীবীরা।

এ বিষয়ে ফোরামের আহ্বায়ক ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, এটা কি কারণে করা হয়েছে সেটা খতিয়ে দেখতে হবে। এ বিষয়ে দলীয়ভাবে বিস্তারিত খোঁজ খবর নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কারো বিরুদ্ধে যদি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হয় তাহলে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, একটা বৃহত্ রাজনৈতিক দলের পেশাজীবীদের কেন্দ্রীয় সংগঠনের কমিটি গঠনের ক্ষেত্রে একটু সমস্যা হতেই পারে। সবাই চায় কমিটিতে থাকতে। যোগ্য কেউ বঞ্চিত হয়ে থাকে তাদের বিষয়টি বিবেচনা করা হবে। হতাশ হওয়ার কিছু নেই।