মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, যুক্তরাষ্ট্র সরকার প্রণীত ভারত-প্রশান্ত মহাসাগরীয় কৌশল কর্মসূচির (আইপিএস) গুরুত্বপূর্ণ অংশীদার হচ্ছে বাংলাদেশ। ভূরাজনৈতিক অবস্থান, আর্থসামাজিক সূচক, দক্ষ জনগোষ্ঠী সবমিলিয়ে বাংলাদেশের গুরুত্ব অপরিসীম। বঙ্গোপসাগর, ভারত মহাসাগরীয় পুরো অঞ্চলই বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা ও সমৃদ্ধি অর্জনের লক্ষ্য পূরণ করাই আইপিএস-এর উদ্দেশ্য। বাংলাদেশসহ এই অঞ্চলের অংশীদার দেশগুলোর বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য উন্নয়ন ও সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, সম্পদের সুরক্ষা করা আইপিএস-এর লক্ষ্য। যার ফলে দেশগুলোর সঙ্গে অংশীদারিত্ব আরো জোরালো করা হচ্ছে। মুক্ত ও অবাধ সমাজ, দায়িত্বশীল প্রতিষ্ঠান, সুশাসন এই অংশীদারিত্বে অন্যতম শর্ত।
রাষ্ট্রদূত মিলার গতকাল সকালে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি ভবনে এক অনুষ্ঠানে একথা বলেন। ভয়েস অব আমেরিকা ও আরটিভি সাংবাদিকদের জন্য ‘দি ইন্দোপ্যাসিফিক স্ট্র্যাটেজি : এন ওভারভিউ ফর জার্নালিস্টস’ শীর্ষক কর্মশালার আয়োজন করে। আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান ও ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
মার্কিন রাষ্ট্রদূত তার বক্তব্যে আরো বলেন, অনেকের ধারণা যুক্তরাষ্ট্রের ইন্দোপ্যাসিফিক স্ট্র্যাটেজি চীনের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিসিয়েটিভ’ (বিআরআই) এর বিপরীতে প্রণয়ন করা হয়েছে। আসলে এটা ভ্রান্ত ধারণা। চীনের প্রকল্প বা কর্মসূচির বিপরীতে যুক্তরাষ্ট্রের কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি। প্রয়োজনও নেই।
প্রশিক্ষণ কর্মশালায় ভয়েস অব আমেরিকাসহ বিভিন্ন গণমাধ্যমের প্রায় ২০ জন সাংবাদিক অংশ নেন। দুদিনব্যাপী কর্মশালার বিভিন্ন অধিবেশনে অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, তৌহিদ হোসেন, ড. আবদুল মান্নান, ব্রিগেডিয়ার জেনারেল (অব) শাহেদুল আনাম খান, এয়ার কমোডর (অব) ইশফাক ইলাহি চৌধুরী, অধ্যাপক সাহাব এনাম খানসহ বিশেষজ্ঞ ও বিশ্লেষকগণ অংশ নেন।
