দলীয় দুর্বৃত্তদের পৈশাচিক নির্যাতনে নিহত বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ রাব্বীর কুষ্টিয়া শহরের পিটিআই সড়কের বাড়িতে চলছে শোকের মাতম। এ ঘটনা পরিবার, আত্মীয়-স্বজনসহ এলাকাবাসীকে দারুণভাবে ক্ষুব্ধ ও ব্যথিত করেছে। পুত্র হারানোর শোকে বার বার মূর্ছা যাচ্ছেন মা স্কুলশিক্ষিকা রোকেয়া খাতুন। বিনয়ী স্বভাবের মেধাবী ছাত্র আবরারের কোনো শত্রু ছিল না। এছাড়া আবরারের পরিবারের সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আবরার হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।
জানা যায়, আবরার গত ১০ দিন আগে কুষ্টিয়ার বাড়িতে এসেছিলেন। মেধাবী আবরার ২০১৫ সালে কুষ্টিয়া জিলা স্কুল থেকে এসএসসি পাশ করেন। তিনি বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে দ্বিতীয় বর্ষের ছাত্র ও শেরে বাংলা হলের আবাসিক ছাত্র ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আবরার মেধা তালিকায় দ্বিতীয় স্থান লাভ করেছিলেন। একই বছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ঢাকা মেডিক্যাল কলেজেও তিনি মেধা তালিকায় স্থান করে নিয়েছিলেন। সম্ভাবনাময় মেধাবী ছেলেকে হারিয়ে মা রোকেয়া খাতুন ও পিতা বরকতুল্লাহ পাগলপ্রায়। ছোটোভাই ফাইয়াজও বাকরুদ্ধ।
মা রোকেয়া খাতুন জানান, ৬ সেপ্টেম্বর সকালে আবরার কুষ্টিয়ার বাড়ি থেকে ঢাকায় রওনা হয় এবং ঐদিন বিকাল পাঁচটায় সে বুয়েটের হলে পৌঁছায়। এরপর রাতে অনেকবার আবরারকে ফোন দেওয়ার পর সে আর ফোন রিসিভ করেনি। ছোটো ভাই ঢাকা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ফাইয়াজ জানান, ফোন রিসিভ না করায় আমি ফেসবুকের মেসেঞ্জারে আমার ভাইয়াকে মেসেজ দেই। আবরার সে সময় ফেসবুকে অ্যাকটিভ থাকলেও সে কোনো সাড়া দেয়নি।
এদিকে আবরার ফাহাদ শিবির কর্মী বলে একটি মহল অপপ্রচার করছে বলে নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। আবরার ধর্মপরায়ণ ও প্রগতিশীল মেধাবী ছাত্র। তার গোটা পরিবারও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তবে আবরার তাবলিগের অনুসারী ছিল। পড়ালেখার পাশাপাশি সে সুযোগ পেলেই তাবলিগে যেত বলে তার পারিবারিক সূত্র জানায়। আবরারের পিতা বরকতুল্লাহ ব্র্যাকের অবসরপ্রাপ্ত নিরীক্ষক। মা রোকেয়া খাতুন একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষিকা। আবরারের পৈতৃক বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামে। বর্তমানে কুষ্টিয়া শহরের পিটিআই সড়কের বাড়িতে আবরারের পিতা-মাতা বসবাস করেন। ঢাকা থেকে লাশ আসার পর আজ মঙ্গলবার সকালে কুমারখালীর রায়ডাঙ্গা গ্রামের গোরস্থানে দাফন হবে বলে তার পারিবারিক সূত্র জানায়।
