রংপুর-৩ উপনির্বাচন প্রতিযোগিতামূলক হয়নি :জি এম কাদের

আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ২২:০৬

রংপুর-৩ আসনের উপনির্বাচন প্রতিযোগিতামূলক হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। গতকাল সোমবার রংপুরের পল্লিনিবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

জি এম কাদের বলেন, আওয়ামী লীগ আমাদের প্রার্থী সাদ এরশাদকে সমর্থন দিয়েছে। এখানকার সবাই জানে জাতীয় পার্টি জিতবে। নৌকা-লাঙল এক থাকায় সাধারণ ভোটারদের আগ্রহ ছিল না। এ কারণে প্রতিযোগিতামূলক নির্বাচন হয়নি। এ সময় সাদ এরশাদের পক্ষে না থেকে দলের যেসব নেতারা নির্বাচনে বিরোধিতা করেছে, তাদের ব্যাপারে দলীয় গঠনতন্ত্র অনুযারী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান জি এম কাদের।

নবনির্বাচিত সংসদ সদস্য এরশাদপুত্র সাদ বলেন, আমি রংপুরের সবাইকে নিয়ে কাজ করব। দলের চেয়ারম্যান, বিরোধীদলীয় নেতা, প্রধানমন্ত্রীসহ সবার সঙ্গে কথা বলে রংপুরকে এগিয়ে নিতে চাই। আমার বাবার অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই।