চিকিত্সায় নোবেল পেলেন দুই মার্কিনি ও এক ব্রিটিশ

আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ২২:১৪

মানবদেহে কোষের অনুভূতি গ্রহণ এবং অক্সিজেনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিনি ও এক ব্রিটিশ বিজ্ঞানী। গতকাল সোমবার তাদের নাম ঘোষণা করা হয়। এই গবেষণার ফল হূদেরাগ, রক্তস্বল্পতা এবং ক্যানসার রোগের চিকিত্সায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে নোবেল কমিটি জানিয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট জানিয়েছে, তিন জনের আবিষ্কারশারীরবৃত্তির জন্য মৌলিক গুরুত্ব রয়েছে। রক্তস্বল্পতা, ক্যানসার ও হূদেরাগসহ অন্যান্য রোগের বিরুদ্ধে লড়াইয়ে নতুন কৌশলের প্রতিশ্রুতি দেওয়ার পথ প্রশস্ত করেছে। তিনজনের মধ্যে গ্রেগ এল সিমেঞ্জা (জন হপকিন্স ইউনিভার্সিটি) ও উইলিয়াম জি কেইলিন জুনিয়র (হার্ভার্ড ইউনিভার্সিটি) আমেরিকান এবং স্যার পিটার জে র্যাটক্লিফ (অক্সফোর্ড ইউনিভার্সিটি) ব্রিটিশ নাগরিক। তারা ৯ মিলিয়ন ক্রোনার বা ৯ লাখ ১৮ হাজার ডলার ভাগ করে নেবেন। নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে ১০ ডিসেম্বর, অসলোতে।

ক্যারোলিনস্কা ইনস্টিটিউটে নোবেল কমিটির সেক্রেটারি থমাস পার্লম্যান বলেছেন, তিনি তিন জনের সঙ্গেই কথা বলেছেন। আজ মঙ্গলবার পদার্থবিদ্যা ও কাল বুধবার ঘোষণা করা হবে রসায়নের পুরস্কার। বৃহস্পতিবার সাহিত্যে দুই জনকে পুরস্কৃত করা হবে। শুক্রবার ঘোষণা করা হবে শান্তির জন্য নোবেল প্রাপকের নাম। ১৪ অক্টোবর জানা যাবে অর্থনীতিতে নোবেল বিজয়ীর কথা। ১৯০১ সালে নোবেল পুরস্কার চালু হওয়ার পরে এই বিভাগে এ নিয়ে ১১০ জন পুরস্কার পেলেন। নোবেল পাওয়ার কথা জেনে প্রায় বাকরুদ্ধ হয়ে পড়েন বলে জানিয়েছেন উইলিয়াম জি কেইলিন। তিনি মিডিয়ার কাছে তার আনন্দের কথা জানান।