কোম্পানীগঞ্জে ৭ দিন থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ

আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ২২:১৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাদ্দাম হোসেন (২৫) ওরফে রাজু নামে এক অটো রিকশাচালককে কোনো মামলা ছাড়াই থানায় সাত দিন আটকে রেখে নির্যাতন করার অভিযোগ উঠেছে। পুলিশের পক্ষ থেকে গত শনিবার তাকে আটকের কথা বলা হলেও পরিবারের দাবি গত মঙ্গলবার সাদ্দামকে আটক করা হয়। শনিবার তাকে আদালতে পাঠানোর উদ্দেশ্যে মাইজদী নেওয়ার পথে কবিরহাট থানার সামনে থেকে আবারও থানায় ফেরত এনে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়। সাদ্দাম হোসেনের বিধবা মা হাজেরা খাতুন অভিযোগ করেন সাত দিন পেরিয়ে গেলেও তাকে আদালতে না পাঠিয়ে থানায় নির্যাতন করা হয়। এমনকি ঠিকমতো খাওয়া-দাওয়াও দেওয়া হয়নি।

পারিবারিক সূত্র জানায়, মুছাপুর ইউনিয়নের ছোটধলী গ্রামের আবু নাছেরের ছেলে সাদ্দাম হোসেন রাজু গত পাঁচ বছর ধরে চাপরাশিরহাটে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকানির্বাহ করে। গত মঙ্গলবার সন্ধ্যায় চাপরাশিরহাট পূর্ব বাজারে বসে চা পান করার সময় কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক শিশির কুমার বিশ্বাস একটি মোটরসাইকেলে এসে তাকে তুলে নিয়ে যায়। আটকের কারণ থানায় গেলে জানতে পারবেন বলে তিনি উল্লেখ করেন। এরপর থানায় গেলে সাদ্দামের পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করেন এসআই শিশির কুমার। এক পর্যায়ে জানতে পারেন একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে।  এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান জানান, সাদ্দাম হোসেনকে একটি ডাকাতির ঘটনায় সন্দেহজনক আসামি হিসেবে গত শনিবার সন্ধ্যায় আটক করা হয়। জিজ্ঞাসাবাদ করতে করতে সন্ধ্যা হয়ে যাওয়ায় আদালতে প্রেরণ করা হয়নি। সোমবার সাদ্দাম হোসেনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।