যৌতুক না পেয়ে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার চেষ্টা

আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ২২:১৯

দুর্গাপুরের কিশোরপুর গ্রামের মালেকা বেগম নামে এক গৃহবধূকে যৌতুক না পেয়ে ছুরিকাঘাতে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। যৌতুক না পেয়ে হত্যার চেষ্টা চালানো হয় বলে অভিযোগ করেন গৃহবধূর ভাই আল আমিন বিশ্বাস। রবিবার সন্ধ্যার এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঐ গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। দুর্গাপুর থানার ওসি খুরশীদা বানু কনা জানান, পুঠিয়ার বানেশ্বরের মৃত নিয়াজ বিশ্বাসের মেয়ে মালেকার সঙ্গে দুর্গাপুরের কিশোরপুর গ্রামের আজিজুলের ছেলে নুরুল হুদার ২০০০ সালে বিয়ে হয়। এক বছর পর মালেকাকে তালাকও দেন নুরুল। কিছুদিন পর তাকে আবার বিয়েও করেন। দ্বিতীয় দফায় বিয়ের আট বছর পর নুরুল কাতারে চলে যান। তিন বছর আগে দেশে ফিরলে মালেকার সঙ্গে  দাম্পত্য কলহের মধ্যেই নুরুল আবার কাতারে চলে যান। প্রায় তিন মাস পর বাড়ি ফিরে মালেকাকে আবার তালাকের কথা জানায় স্বামী নুুরুল হুদা। এরপর তাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেন। কিন্তু মালেকা বাড়ি ছাড়তে রাজি না হলে রবিবার সন্ধ্যায় তাকে মারধর করে। এক পর্যায়ে নুরুল ধারালো ছুরি দিয়ে মালেকার পেটে আঘাত করার চেষ্টা করে। এ সময় মালেকা ডান হাত দিয়ে ছুরি ধরে ফেলেন। ফলে তার ডান হাতের চারটি আঙুল কেটে যায়। এ ঘটনায় দুর্গাপুর থানায় মামলা হয়েছে।