মানি লন্ডারিং মামলায় শামীম ও খালেদ রিমান্ডে

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ০০:৩৯

মানি লন্ডারিং আইনে দায়ের করা মামলায় গণপূর্তের ঠিকাদার জিকে বিল্ডার্সের স্বত্বাধিকারী জি কে শামীম ও যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভুঁইয়াকে রিমান্ডে নিয়েছে সিআইডি। গতকাল তাদেরকে আদালতে পৃথকভাবে রিমান্ডের আবেদন জানায় সিআইডি। আদালত শুনানি শেষে জি কে শামীমকে পাঁচ দিন এবং খালেদ মাহমুদ ভুঁইয়াকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিআইডির বিশেষ পুলিশ সুপার মোস্তফা কামাল জানান, গুলশান থানায় তাদের বিরুদ্ধে র্যাব মানি লন্ডারিং আইনে মামলা করে। এই মামলায় তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। এদের মধ্যে শামীমকে গতকালই রিমান্ডে নিয়েছে সিআইডি। খালেদ র্যাবের অন্য একটি মামলায় রিমান্ডে থাকার কারণে তাকে নেওয়া সম্ভব হয়নি। ঐ মামলায় রিমান্ড শেষ হলেই তাকে সিআইডি রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে।