নাজিব রাজাকের ভাইকে জরিমানা

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ০০:৪৩

বিতর্কিত রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ (ওয়ানএমডিবি) থেকে অর্থ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ভাই নাজির রাজাককে জরিমানা করেছে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন। কমিশনের প্রধান লতিফা কয়া সোমবার এ তথ্য জানিয়েছেন। নাজিরের পাশাপাশি সাবেক এক মন্ত্রী এবং বেশ কয়েকটি প্রতিষ্ঠানকেও জরিমানা করা হয়েছে। মালয়েশিয়ার অর্থনীতির উন্নয়নের গতি জোরদার করতে ২০০৯ সালে তত্কালীন প্রধানমন্ত্রী নাজিব এ ওয়ানএমডিবি তহবিল গঠন করেছিলেন। ঐ তহবিলের প্রায় ৪৫০ কোটি মার্কিন ডলার প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার তদন্ত কর্মকর্তাদের। ওয়ানএমডিবি কেলেঙ্কারির ঝড়ে গত বছরের নির্বাচনে ভরাডুবির পর রাজাক এখন কারাগারে। ক্ষমতার অপব্যবহার, মুদ্রা পাচারসহ বিভিন্ন অভিযোগে তার বিচার চলছে। যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার তদন্ত কর্মকর্তারা বলছেন, বিলাসবহুল বাড়ি ও ফ্ল্যাট, ব্যক্তিমালিকানাধীন উড়োজাহাজ ও সুপার ইয়ট এবং দামি শিল্পকর্ম ক্রয়ে জালিয়াতির ঐ অর্থ ব্যয় করা হয়েছে।

মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের প্রধান লতিফা জানান, তার সংস্থা এখন পর্যন্ত ওয়ানএমডিবির তহবিলের অর্থগ্রহীতা ৮০ জন ও কিছু প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় ১০ কোটি ডলার উদ্ধার করেছেন। অবশ্য এর মধ্যে জরিমানার পরিমাণ কত, তা বলেননি তিনি। যেসব ব্যক্তিকে জরিমানা করা হয়েছে তার মধ্যে মালয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম ব্যাংক সিআইএমবির সাবেক চেয়ারম্যান নাজির ছাড়াও নাজিব মন্ত্রিসভার সাবেক সদস্য এবং মালয়েশিয়ার রাষ্ট্রীয় পামওয়েল সংস্থার সাবেক চেয়ারম্যান শাহরিয়ার আবদুল সামাদও আছেন, বলেছেন লতিফা।

ওয়ানএমডিবি তহবিল থেকে নাজির ২ কোটি ৫৭ লাখ রিঙ্গিতের একটি চেক পেয়েছিলেন জানালেও সাবেক প্রধানমন্ত্রীর ভাইকে করা জরিমানার অঙ্ক বলেননি দুর্নীতি দমন কমিশনের এ শীর্ষ কর্মকর্তা।