নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী অস্ট্রেলিয়ার নৌবাহিনীর উদ্যোগে সিডনিতে আয়োজিত ‘সি পাওয়ার কনফারেন্সে’ যোগ দিতে রবিবার ঢাকা ছেড়েছেন। নৌবাহিনী প্রধানকে হযরত শাহজালাল (রহ) আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) রিয়ার অ্যাডমিরাল এম মকবুল হোসেন ও ঢাকার নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ।
সিডনি সফরকালে নৌপ্রধান ‘সি পাওয়ার কনফারেন্সে’ বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করবেন। এছাড়া তিনি ফ্রান্সের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল ক্রিস্টোফি প্রাজুক, যুক্তরাষ্ট্রের ৭ম নৌবহরের প্রধান ভাইস অ্যাডমিরাল উইলিয়াম বিল মার্জ, ভারতীয় নৌবাহিনীর ইস্টার্ন নৌ কমান্ডের প্রধান ভাইস অ্যাডমিরাল অতুল কুমার জেইন এবং অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস অ্যাডমিরাল মাইকেল নুনানের সঙ্গে সাক্ষাত্ করবেন। পাশাপাশি তিনি কনফারেন্সে আগত অন্য দেশের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন। উল্লেখ্য, এই সফরে নৌবাহিনী প্রধানের সহধর্মিণী এবং আরো দুই জন কর্মকর্তা তার (নৌপ্রধান) সফরসঙ্গী হিসেবে রয়েছেন। আগামী ১৫ অক্টোবর নৌপ্রধানের দেশে ফেরার কথা।
