ফরিদপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ৪

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ১৪:০৭

ফরিদপুরের নগরকান্দায় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগালে ঘটনাস্থলে ২ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ২ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে আরো ৭ জন। 

সোমবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার নাগারদিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। বাসটি বাগেরহাট থেকে ঢাকায় যাচ্ছিল।  

ঘটনাস্থলে নিহত দুই জন হলো, বাগেরহাট নিবাসী লিটন শেষ ফিরোজা বেগম। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু একজন বাসের সুপারভাইজার আসাদুজ্জামান। তার বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলায়। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। 

খবর পেয়ে ভাঙ্গা, মুকসুদপুর ও নগরকান্দা ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিস আহতদেরকে ভাঙ্গা ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। 

ভাঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ সজিবুর রহমান জানান, ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার নাগারদিয়া এলাকায় রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গোল্ডেন লাইনের পরিবহনটি বাগেরহাট থেকে ঢাকা যাচ্ছিল। ধারণা করছি দ্রতু গতির কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে। 

তিনি বলেন, খবর পেয়ে তিন উপজেলা থেকে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট পৌছে উদ্ধার অভিযান শুরু করে। আমরা ঘটনাস্থল থেকে এক নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করি ও আহতদের মুকসুদপুর ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। ভাঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক পুরুষ রাতেই মারা যায়। সকালে বাসের সুপারভাইজারকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

ইত্তেফাক/কেআই