ফরিদপুর মেডিকেলে ডেঙ্গুতে আরো এক নারীর মৃত্যু

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ১৩:৫৮

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মঞ্জু রানী (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এনিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। মৃত মঞ্জুর বাড়ি রাজবাড়ীর সদর উপজেলার বসন্তপুর গ্রামে। তিনি ওই এলাকার হরিপদ কুমারের স্ত্রী।

পরিবারের লোকজন জানান, মঞ্জু রানী গত সোমবার সকালে জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর থেকে তার অবস্থা অপরিবর্তিত ছিলো। ওই দিন রাতেই তিনি মার যান।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কামদা প্রসাদ সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত সোমবার সকালে তিনি জ্বরে আক্রান্ত হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করেন পরিবারের লোকজন। রাতেই তার অবস্থার অবনতি হয়। পরে তার মৃত্যু হয়। 

এদিকে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ভর্তি হয়েছেন ১৪ জন। বর্তমানে জেলার হাসপাতাল গুলোতে মোট চিকিৎসা নিচ্ছেন ৭৭ জন। গত ২০ জুলাই থেকে এ পর্যন্ত ২৯৯৫ জন চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ছাড়পত্র নিয়ে বাড়িতে ফিরে গেছেন ২৪৩৪ জন। আর ঢাকায় রেফার্ড করা হয়েছে ৪৭৪জনকে।

ইত্তেফাক/এমআর